রণকৌশল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ২০০৭ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠেছিল তাঁর নেতৃত্বে। এই বিশ্বকাপেও দ্বিতীয় রাউন্ডে ওঠার পথ দেখিয়ে দিচ্ছেন হাবিবুল বাশারকিছুদিন ধরে মাথার মধ্যে একটা শব্দ ঘুরঘুর করছে—‘স্বপ্ন’! কোয়ার্টার ফাইনালের স্বপ্ন। গতবার অধিনায়ক হিসেবে লক্ষ্যের কথা বলেছিলাম—দ্বিতীয় রাউন্ড। কতজন বিশ্বাস করেছিলেন, কতজন আড়ালে মুখ টিপে হেসেছিলেন, জানা নেই। যাঁরা হেসেছিলেন, তাঁদের প্রতি কোনো অভিযোগ নেই। গতবার দ্বিতীয় রাউন্ড ছিল খুবই কঠিন এক পথ। সেবার গ্রুপে চারটি করে দল। সেরা দুই দল সুপার এইটে। বাংলাদেশ ভারত কিংবা শ্রীলঙ্কাকে টপকে পরের রাউন্ডে যেতে চাইলে লোকে হাসবেই।সেই হাসি যে মিইয়ে গিয়েছিল প্রথম ম্যাচেই—এসব এখন ইতিহাস। গতবারের সঙ্গে মিল, এবারও লক্ষ্য দ্বিতীয় রাউন্ড। পার্থক্য, গতবার আমাদের দ্বিতীয় রাউন্ড ছিল বোনাস, এবার আমাদের প্রত্যাশা।প্রত্যাশা বলেই চাপ থাকবে। সেটি কমানোর উপায় এখনই কোয়ার্টার ফাইনালে চোখ না রেখে একটি একটি করে ম্যাচ ধরে এগোনো। আমিও প্রতিটি ম্যাচের জন্য রণকৌশল ঠিক করছি। খসড়া রণকৌশল অবশ্যই। অনেক কিছুই পাল্টে যেতে পারে ম্যাচের দিন, কন্ডিশনের কারণে। শিশির শেষ পর্যন্ত থাকবে কি না জানি না। আমাদের চারটি ম্যাচ ডে-নাইট। শিশির পড়লে পরে বোলিং করাটা আমাদের জন্য কঠিন হয়ে যাবে, যেহেতু আমাদের মূল আক্রমণ-ভরসা স্পিনাররা।ভারত: শুরুতেই ধাক্কা দাওএবারও প্রথমেই ভারত। সেটি আবার ২০১১ বিশ্বকাপেরই প্রথম ম্যাচ। এই ম্যাচ নিয়ে প্রত্যাশার বুদবুদ তৈরি হয়েছে। কিন্তু ম্যাচটা মোটেও সহজ হবে না। কন্ডিশন ভারতের চেনা। তা ছাড়া দলটার দিকে তাকান। আইসিসি ওয়ানডে ব্যাটসম্যানের র্যাঙ্কিংয়ে দুইয়ে থাকা বিরাট কোহলিও সেরা একাদশে জায়গা পাওয়ার আশা করে না। ২০০৭ বিশ্বকাপের শিক্ষা নিয়ে ভারত অনেক এগিয়ে গেছে। তবে কি আমরা আশা ছেড়ে দেব? মোটেও না। বরং আমি তো বলব, এই ম্যাচে ওদের ওপরই বেশি চাপ থাকবে।যাকে নিয়ে ভয়: অবশ্যই শেবাগ। আসলে কাকে ছেড়ে কার কথা বলি। শেবাগের মতো বিধ্বংসী ব্যাটসম্যান আছে তো অন্যদিকে ঠান্ডা মাথায় লম্বা ইনিংস খেলার জন্য আছে গম্ভীর, টেন্ডুলকার, যুবরাজ, রায়না, ধোনি। ইউসুফ পাঠান তো দেখিয়ে দিল ও কী করতে পারে। তার পরও আমি শেবাগের কথাই বলব বেশি করে। শুরুতে ওকে ফেরাতেই হবে।যা করতে হবে: ২০০৭ বিশ্বকাপের স্মৃতি ওদের তাড়া করবে। শেবাগ তো কদিন পর পর বলছে, বাংলাদেশকে দেখিয়ে দেব। ফলে চাপ থাকবে। শুরুতেই দিতে হবে ধাক্কা। লড়াইটা হবে মূলত ওদের ব্যাটসম্যানদের সঙ্গে আমাদের বোলারদের। শেবাগ, গম্ভীর, টেন্ডুলকারকে দ্রুত ফেরাতে পারলে চাপে পড়ে যাবে ভারত। আর চাপ মানেই ভুল করা। আমাদের নতুন বলের বোলারদের কাঁধে তাই বিরাট দায়িত্ব।আয়ারল্যান্ড: পোর্টারফিল্ডকে ফেরাওবাংলাদেশ যে দুটো জয় প্রায় নিশ্চিত ধরে নিয়েছে, তার মধ্যে এটি একটি। আয়ারল্যান্ড আমাদের গত বিশ্বকাপে হারিয়েছিল। ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপেও। এবার আমরা নিজেদের কন্ডিশনে খেলব, তার পরও এই ম্যাচটিকে হালকাভাবে নিলে ভুল হবে। আয়ারল্যান্ড দলে উইলিয়াম পোর্টারফিল্ড আছে; ওয়ানডেতে যে দুবার আমরা হেরেছি, দুবারই ম্যাচ সেরা হয়েছিল ও। এবার পোর্টারফিল্ড অধিনায়কও। দলে ফিরেছে ইংল্যান্ডের হয়ে গত বিশ্বকাপ খেলা এড জয়েস। সব মিলে কাউন্টিতে খেলা আট-নয়জন খেলোয়াড় আছে ওদের। প্রথম প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৭৯ রান করে ওরা বুঝিয়ে দিয়েছে, এই কন্ডিশনেও ওরা ভালো করবে। অবশ্য ওই ম্যাচে ভেট্টোরি ৪২ রানে ৪ উইকেটও নিয়েছে। আমাদের বাঁহাতি স্পিনারদের জন্য এটা সুখবর।যাকে নিয়ে ভয়: পোর্টারফিল্ড। প্রথম প্রস্তুতি ম্যাচে ৭২ রানের ইনিংস খেলেছে। স্পিন খুবই ভালো খেলে। ৪৪ ওয়ানডে ক্যারিয়ারে ৫টি সেঞ্চুরি আর ৪টি ফিফটি বলে দিচ্ছে, পোর্টারফিল্ড সেট হয়ে গেলে বিপদ। যা করতে হবে: পোর্টারফিল্ডকে সেট হতে দেওয়া যাবে না। এই একাদশে বাড়তি স্পিনার হিসেবে সোহরাওয়ার্দীকে নিয়ে আসতে বলব। স্পিন দিয়েই বোলিং শুরু করার কথা ভাবা যেতে পারে। ওয়েস্ট ইন্ডিজ: বাউন্সার নিষিদ্ধআয়ারল্যান্ড-হল্যান্ডের পাশাপাশি আমরা এই ম্যাচেও জয়ের আশা করছি। ওরা এখন র্যাঙ্কিংয়ে আমাদের চেয়ে এক ধাপ পেছনে। ওদের আমরা হারিয়েও এসেছি। এই দলটা স্পিনের বিপক্ষে খুব একটা ভালো নয়। ফর্ম ভালো না থাকার পরও বিশ্বকাপ দলে সারওয়ানকে নেওয়ার জুয়া খেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই সারওয়ান শ্রীলঙ্কার বিপক্ষে কদিন আগে ৭৫ আর ৫১ রানের দুটো ইনিংস খেলেছে। প্রথম প্রস্তুতি ম্যাচেও সেঞ্চুরি। সারওয়ান আসলে বড় টুর্নামেন্টের খেলোয়াড়। বিশ্বকাপে ওর গড় ষাটের কাছাকাছি। যাকে নিয়ে ভয়: সারওয়ান আছে, তবে আমাদের জন্য সবচেয়ে বড় হুমকি ক্রিস গেইল। মুডি খেলোয়াড়। যেদিন খেলে, প্রতিপক্ষের ঘাম ছুটে যায়। শুরুতে গেইল, মাঝে ড্যারেন ব্রাভো, এরপর নিচের দিকে কাইরন পোলার্ড। আমার চোখে এই তিনজন ডেঞ্জারম্যান। যা করতে হবে: ডট বল! আমার চোখে ওটাই হবে মহৌষধ। গেইল বলুন, ব্রাভো কিংবা পোলার্ড; ওরা ডট বল সহ্য করতে পারে না। তিনটি ডট বল খেললে চতুর্থ বলে ঝুঁকি অবশ্যই নেবে। নিয়ন্ত্রিত বোলিং তাই আমাদের জন্য হবে সেরা কৌশল। বাউন্সার সর্বৈব পরিত্যাজ্য।ইংল্যান্ড: স্পিনই অস্ত্রগত চারটি বিশ্বকাপে ওরা সেমিফাইনালেই উঠতে পারেনি। অস্ট্রেলিয়ায় ওয়ানডে সিরিজ হেরেছে ৬-১-এ। তার পরও বলব, আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে পরিকল্পনা করে এগোনো দল এখন ওরাই। অস্ট্রেলিয়ার চেয়েও পরিকল্পিত। গত বিশ্বকাপে ইংল্যান্ডকে আমরা বেশ চেপে ধরেছিলাম। ১১০ রানে ওদের ৬ উইকেট পড়ে গিয়েছিল। শেষ পর্যন্ত জিততে না পারলেও বুঝতে পারছিলাম, ইংল্যান্ডের বিপক্ষে আমাদের জয় আসন্ন। এই একটি দলকে কেবল হারানো বাকি ছিল আমাদের। অবশেষে গত বছর ব্রিস্টলে এল সেই জয়। ইংল্যান্ড কিন্তু এবার চ্যাম্পিয়ন হওয়ার জন্যই এসেছে। তার পরও ইংল্যান্ড দলকে আমি হারানো সম্ভব বলে মনে করি। গত কিছুদিন ওদের সঙ্গে আমাদের প্রতিটি ম্যাচই ভালো হয়েছে। টেস্টে-ওয়ানডেতেও। সেই আত্মবিশ্বাসও আমাদের সঙ্গী হবে।যাকে নিয়ে ভয়: খুব একটা ভালো ফর্মে না থাকলেও কলিংউড খুব বিপজ্জনক। বাংলাদেশের বিপক্ষে ওর ব্যাটিং গড় ক্যারিয়ার গড়ের প্রায় দ্বিগুণ। বাংলাদেশের সঙ্গে কী শত্রুতা আছে কে জানে! তবে মূল ডেঞ্জারম্যান হয়ে উঠতে পারে ট্রট।যা করতে হবে: এই ম্যাচে আমি একজন ব্যাটসম্যান বেশি নেওয়ার পক্ষে। পার্টটাইম স্পিনারদের দিয়ে একজন বোলারের ঘাটতি পুষিয়ে নিতে হবে। সোয়ানকে উইকেট দেওয়া চলবে না।হল্যান্ড: হোমওয়ার্ক জরুরি২০০৩ বিশ্বকাপের অভিজ্ঞতার কথা বলি। সেবার আমরা কানাডা আর কেনিয়াকে টার্গেট করে গিয়েছিলাম। আমাদের বিশ্বকাপ শুরু হয়েছিল কানাডার কাছে হেরে, শেষ হয়েছিল কেনিয়ার কাছে হেরে! এ জন্যই কথাটা তুললাম, নির্দিষ্ট কোনো দলকে টার্গেট করার চেয়ে সব কটি ম্যাচ জয়ের লক্ষ্য নিয়ে খেলাই ভালো। এমনিতে এই দলটি সম্পর্কে আমরা জানি না। একটাই ম্যাচ খেলেছি, সেটিও হেরেছি। গত বছর গ্লাসগোর ওই ম্যাচটি অবশ্য ৩০ ওভারে নেমে গিয়েছিল বৃষ্টির কারণে। কন্ডিশনও ওদের সহায়ক ছিল। ২০০৭ সালে আয়ারল্যান্ডকে সহজভাবে নিয়ে একটা ভুল করেছিলাম আমরা। সেই ভুল এবার করা যাবে না।যাকে নিয়ে ভয়: ওদের সম্পর্কে আমাদের অজ্ঞতাই সবচেয়ে বড় ভয়। এমনিতে ওদের একজন ব্যাটসম্যানের নাম জানি। টেন ডয়েসক্যাট। ওর ব্যাটিং গড় ৬৮.৫৫! কমপক্ষে ২০ ওয়ানডে খেলা ব্যাটসম্যানদের মধ্যে বিশ্বরেকর্ড। কাউন্টিতেও খেলার অভিজ্ঞতা আছে ওর।যা করতে হবে: হল্যান্ডের আসলে বড় দলগুলোর বিপক্ষে খেলার অভিজ্ঞতা সামান্যই। তার চেয়েও বড় কথা, উপমহাদেশে খেলার অভিজ্ঞতা এই দলের কারোর নেই। এই ম্যাচে আমি অবশ্যই বাড়তি স্পিনার হিসেবে সোহরাওয়ার্দীকে খেলাব। তবে সবচেয়ে বেশি জরুরি, এই দল সম্পর্কে হোমওয়ার্ক করে মাঠে নামা।দক্ষিণ আফ্রিকা: চাপে ফেলোগ্রুপ পর্বে আমাদের শেষ ম্যাচ। সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচও। ততক্ষণে আমরা জেনে যাব আমাদের অবস্থাটা কী। গত বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আমরা একদম অনায়াসে জিতেছিলাম। কিন্তু এবার কাজটা সহজ হবে না। এই বিশ্বকাপে ভারত ও ইংল্যান্ডের সঙ্গে দক্ষিণ আফ্রিকাকেও আমি ফেবারিট ধরছি। দলটা খুবই ভারসাম্যপূর্ণ। গিবস নেই, কিন্তু আমলা আছে। গত বছর সবচেয়ে ধারাবাহিক ছিল। সেট হওয়া মানেই যেন ৮০-৯০-১০০! ক্যালিস, ডি ভিলিয়ার্স, ডুমিনি—বেশ কজন মিনি অলরাউন্ডার। ক্যালিস শুনছি বোলিং করতে পারবে না। সুখবর! তবে স্টেইন আছে। নতুন এনটিনি সতসোবে। স্পিন অ্যাটাকটাও ওদের ভালো—বোথা, তাহির, পিটারসন।যাকে নিয়ে ভয়: ডি ভিলিয়ার্স আর ক্যালিস। এই দুজনই স্পিন ভালো খেলে। প্রথমে সেট হয়ে তার পর ব্যাট চালায়। ফলে শুরুতে সুযোগও দেয় খুব কম।যা করতে হবে: গত বিশ্বকাপে আমরা ওদের হারিয়েছিলাম গায়ানায়। গায়ানার কন্ডিশনের সঙ্গে বাংলাদেশের কন্ডিশনে অনেক মিল। ফলে আমি এই ম্যাচ নিয়েও আশাবাদী। ওই ম্যাচের শুরুতে রাসেল খুব ভুগিয়েছিল ওদের। এবারও পেসারদের কাউকে এই কাজটা করতে হবে। দক্ষিণ আফ্রিকা আসলেই চোকার। জায়গামতো চাপ দিতে পারলেই মট্টাশ!