রণজিতের দুই মেয়েকে বিনা বেতনে পড়ানোর আশ্বাস কর্তৃপক্ষের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড়পুকুরিয়া কয়লা-খনিতে দুর্ঘটনায় নিহত রণজিৎ কুমারের পরিবারকে চার লাখ ২০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। এর মধ্যে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান এক্সএমসি দুই লাখ ২০ হাজার টাকা এবং খনি কর্তৃপক্ষ (পেট্রোবাংলা) দুই লাখ টাকা দেবে। এ ছাড়া রণজিতের দুই শিশুকন্যাকে বড়পুকুরিয়া কয়লাখনি স্কুলে বিনা বেতনে পড়ালেখার সুযোগ ও পরবর্তী সময়ে তাঁর স্ত্রীকে খনিতে চাকরির সুযোগ দেওয়া হবে। গতকাল বুধবার বেলা ১১টায় পেট্রোবাংলার চেয়ারম্যান ও খনির ঊর্ধ্বতন কর্মকর্তারা পার্বতীপুরের হামিদপুর ইউনিয়নের কামারপাড়া গ্রামে রণজিৎ কুমারের বাড়িতে গিয়ে তাঁর পরিবারকে এ আশ্বাস দেন। গত মঙ্গলবার সকালে খনির ১১০৮ নম্বর ফেইসের (খনিমুখে) ৩ ও ৪ নম্বর সড়কে কয়লা ও পাথর ধসে পড়লে একজন দেশি শ্রমিক নিহত হন। আহত অবস্থায় উদ্ধার করা হয় ২০ জন দেশি ও তিনজন চীনা শ্রমিককে। খনি কর্তৃপক্ষ গতকাল বিকেলে জানায়, বর্তমানে খনিতে উৎপাদন বন্ধ। ১১০৮ নম্বর ফেইসটি পরিষ্কার করা হচ্ছে। কয়লাখনি সূত্রে জানা গেছে, খনিতে দুর্ঘটনার খবর পেয়ে পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর মঙ্গলবার রাত সোয়া ১০টায় বড়পুকুরিয়ায় আসেন। এর আগে তিনি দুর্ঘটনায় আহত শ্রমিকদের দেখতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যান। গতকাল বেলা ১১টায় হোসেন মনসুর নিহত শ্রমিকের সৎকার দেখতে কামারপাড়া শ্মশানে যান। তিনি রণজিতের স্বজনদের দুই লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন। গতকাল দুপুরে খনির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সর্বশেষ উদ্ধার হওয়া চীনা শ্রমিক সুইংয়ের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে চিকিৎসার জন্য চীনে পাঠানো হতে পারে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত দেশি কয়েকজন শ্রমিককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরিকল্পনা চলছে। কয়লাখনির মহাব্যবস্থাপক (মাইনিং) মীর আবদুল মতিন প্রথম আলোকে বলেন, আটকেপড়া শ্রমিকদের উদ্ধারের পর মঙ্গলবার রাতে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান এক্সএমসির সঙ্গে দেশি শ্রমিক ও খনি কর্তৃপক্ষের বৈঠক হয়। বৈঠকে চীনারা নিহত ব্যক্তির পরিবারকে দুই লাখ ২০ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে রাজি হন। গতকাল দুপুর সোয়া ১২টায় খনির আবাসিক এলাকায় ‘মনমেলা’ অফিসার্স ক্লাবে পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর খনির ঊর্ধ্বতন কর্মকর্তা ও দেশি শ্রমিকদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর প্রথম আলোকে বলেন, ভূগর্ভস্থ খনিতে এ ধরনের দুর্ঘটনা নতুন নয়। উন্মুক্ত পদ্ধতির খনি হলে ওই ঘটনা ঘটত না। আটকেপড়া শ্রমিকদের দ্রুত উদ্ধার করায় তিনি উদ্ধারকর্মী ও শ্রমিকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, পেট্রোবাংলার মাধ্যমে উদ্ধারকাজে অংশগ্রহণকারীদের পুরস্কৃত করা হবে। খনির অভ্যন্তরে আটকেপড়া ৩৬ জন দেশি শ্রমিককেও আর্থিক সহায়তা দেওয়া হবে। নিম্নমানের উপকরণের বিষয়ে তিনি বলেন, খনির নিচে (সড়ক) সাপোর্টটি শক্তিশালী ছিল না বলেই ভেঙে পড়েছে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সে জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। বড়পুকুরিয়া কয়লাখনির দেশি শ্রমিকদের সংগঠন শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম বলেন, দুর্ঘটনায় আহত মোহাম্মদ আলী, জাহাঙ্গীর আলম, নূরবখত ও আবদুর রাজ্জাকের অবস্থা গুরুতর। তাঁদের শিগগির উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে।