রণবীরকে ছেড়ে নার্গিস ফাখরি অক্ষয়ের
‘রকস্টার’ ছবির পর দ্বিতীয়বারের মতো বলিউড মাতাতে আসছেন পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন মডেল ও অভিনেত্রী নার্গিস ফাখরি। নির্মিতব্য ‘খিলাড়ি ৭৮৬’ ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন তিনি। চলতি বছরের জুনেই ছবিটির শুটিং শুরু হবে। ছবিতে অক্ষয়ের প্রেমিকা চরিত্রে অভিনয় করবেন নার্গিস। অক্ষয় কুমারের হরি ওম এন্টারটেইনমেন্ট এবং বলিউডের প্লেব্যাক গায়ক হিমেশ রেশমিয়ার এইচআর মিউজিকের ব্যানারে নির্মিতব্য ছবিটি পরিচালনা করবেন আশিষ আর মোহন। ছবিটির কাহিনি রচনার পাশাপাশি এর সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন হিমেশ। এ প্রসঙ্গে নার্গিসের ঘনিষ্ঠ এক বন্ধুর উদ্ধৃতি দিয়ে মুম্বাই মিরর জানিয়েছে, ‘ছবিতে আবেদনময়ী হিসেবেই উপস্থাপন করা হবে তাঁকে। ‘রকস্টার’ ছবির সব কৃতিত্ব রণবীরের ঝুলিতে যাওয়ার বিষয়টি হজম করতে তাঁর একটু কষ্টই হয়েছে। এবারে ‘খিলাড়ি ৭৮৬’-এর মতো বড় মাপের ছবিতে নিজেকে প্রমাণের সুযোগ পেয়ে খুবই খুশি নার্গিস। অক্ষয়ের মতো প্রতিষ্ঠিত তারকার সঙ্গে অভিনয়ের সুযোগ পাওয়াতেও অনেক খুশি, সব মিলিয়ে দারুণ উচ্ছ্বসিত তিনি।’এদিকে শোনা যাচ্ছে, ছবির চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করতে ইতিমধ্যেই বিভিন্ন কর্মশালায় অংশ নেওয়া শুরু করেছেন ৩২ বছর বয়সী এই তারকা।