রতন রিমান্ডে, ডলিকে কারাগারে
হরতাল চলাকালে গতকাল রোববার বিকেলে সচিবালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় শাহবাগ থানায় দায়ের করা মামলায় বিএনপির নেতা কামরুজ্জামান রতনকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। মামলার অন্য আসামি রেহানা আক্তার ডলিকে শারীরিক অসুস্থতার কারণে কারাগারে পাঠানো হয়েছে।শাহবাগ থানা পুলিশের পরিদর্শক বিপ্লব কুমার শীল ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে রতনকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। এরই পরিপ্রেক্ষিতে মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।ওই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, গয়েশ্বর চন্দ্র রায়, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী, আমানুল্লাহ আমান, আবদুস সালাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি (এলডিপি) অলি আহমদসহ ২৮ জনকে আসামি করা হয়েছে।শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) হীরেন্দ্রনাথ প্রামাণিক গতকাল রাতে বাদী হয়ে মামলাটি করেন।এদিকে গ্রেপ্তার হওয়া কামরুজ্জামানের স্ত্রী নূর-ই-জান্নাত আজ সোমবার গোয়েন্দা পুলিশের কার্যালয়ের সমানে সাংবাদিকদের কাছে দাবি করেন, তাঁরা স্বামী রাষ্ট্রীয় ষড়যন্ত্রের শিকার। তিনি বলেন, ‘দেশের পরিস্থিতি এমন যে ভালো মানুষ ধরে ধরে গুম করা হচ্ছে। তিনি (কামরুজ্জামান রতন) ১২ বছর ধরে রাজনীতিতে ছিলেন না। গতকাল শুধু একটি টেলিভিশন টক শোতে কথা বলার কারণে তাঁকে গাড়ি ভাঙচুর ও বোমা বিস্ফোরণ মামলার আসামি করা হয়েছে। এটা অন্যায়, এটা অবিচার।’নূর-ই-জান্নাত অভিযোগ করে বলেন, তাঁর স্বামীকে গ্রেপ্তারের পর গতকাল রাত একটা থেকে তিনি গোয়েন্দা পুলিশের কার্যালয়ে বসে ছিলেন। কামরুজ্জামানকে গ্রেপ্তারের বিষয়ে আজ সোমবার সকাল ১০টা পর্যন্ত কেউ কিছু স্বীকার করেনি।