রতন সরদার ফুটপাতে বসে ক্যাপ বিক্রি করেন। কখনো বায়তুল মোকাররমের ফুটপাতে, কখনো মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সামনের ফুটপাতে বসেন তিনি।রতন সরদার জানান, বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে বঙ্গবন্ধু স্টেডিয়াম ও শেরেবাংলা স্টেডিয়ামে আলোকসজ্জা করা হয়েছে। বিকেল হলে লোকজন পরিবারের ছোটদের নিয়ে স্টেডিয়াম এলাকায় ঘুরতে আসে। অনেকেই ছবি তোলে, বাঁশি কেনে। কেউ কেউ ক্যাপ কেনে। কেউ আবার চটপটি খায়।মাস দেড়েক ধরে শেরেবাংলা স্টেডিয়ামের দক্ষিণ গেটে রতন সরদার বিক্রি করছেন ক্যাপ। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশ হেরে যাওয়ার পর স্টেডিয়াম দেখতে লোকজন কম আসছে। তাই রতনের বেচাকেনা কমে গেছে। অথচ আগে তাঁর প্রতিদিন ৩০০-৪০০ টাকা লাভ থাকত। রতন জানান, এখন শেরেবাংলা স্টেডিয়ামে আর সেই জমজমাট ভাবটা নেই। এখন দিনের বেলায় কখনো ঢাকা কলেজের সামনে, কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আশপাশে বসছেন।রতনের পুঁজি পাঁচ হাজার টাকার মতো। তিনি চকবাজার থেকে ক্যাপ কিনে আনেন। রতন জানান, ক্যাপ আসে চীন থেকে। হাতে তৈরি এই ক্যাপ কিশোরীরা বেশি কেনে। একটি ক্যাপের দাম ৫০-২৫০ টাকা পর্যন্ত। একটি ক্যাপ বিক্রি করলে ২০-৩০ টাকা লাভ থাকে।রতন সরদারের গ্রামের বাড়ি কুমিল্লার কচুয়া উপজেলার হোসেনপুর গ্রামে। তিনি জানান, আগে তিনি আদম ব্যবসা করতেন। কিছু লোক বিদেশে পাঠিয়েছেন। তারপর সৌদি আরবে লোক পাঠাতে গিয়ে ধরা খান। প্রায় ৭০ জন লোকের কাছ থেকে টাকা নিয়েছিলেন রতন। এর মধ্যে কিছু লোক ছিল তাঁর নিজের এলাকার, কিছু লোক শ্বশুরবাড়ি নওয়াবপুরের। যে নিয়োগদাতা প্রতিষ্ঠানের মাধ্যমে লোক নেওয়ার কথা, তারা লোক পাঠাতে পারেনি। এমনকি সেই প্রতিষ্ঠানও রাতারাতি পল্টনের অফিস থেকে পালিয়ে যায়।রতন সরদারও বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াতে থাকেন। তখনই শ্বশুরবাড়িতে তাঁর প্রথম সন্তান জন্ম নেয়। জন্মের দুই বছর পর প্রথম সন্তানের মুখ দেখেন তিনি। এর মধ্যে আবার পাওনাদারেরা তাঁকে অপহরণ করে কুমিল্লার ময়নামতিতে একটি ঘরে আটকে রাখে। আটক অবস্থায় ছয় মাস থাকতে হয় তাঁকে। পাওনাদারেরা এভাবে পাঁচ লাখ টাকা আদায় করে। রতনের শ্বশুরও কিছু দেনা শোধ করেন। পাওনাদারদের হাতে অনেকবার মার খেয়েছেন তিনি।রতন সরদার এখন দুই হাজার টাকা ঘর ভাড়া দিয়ে রায়েরবাজার থাকেন। তাঁর স্ত্রী-সন্তান থাকে শ্বশুরবাড়িতে। রতনের সঙ্গে তাঁরা যোগাযোগ রাখেন না। তিনি বলেন, ‘আমি এখন নিঃস্ব। আমার জায়গা-জমি বলতে কিছু নেই। এখনো আমি ২০ লাখ টাকা দেনা আছি।’