রতনকান্দিতে মাদার উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার রতনকান্দি উপজেলার একঢালা গ্রামে মাদার মেলা উৎসব অনুষ্ঠিত হলো। সাত দিনব্যাপী এই মাদার মেলা উৎসবের প্রধান আকর্ষণ লাঠিখেলা। তবে মেলায় বিভিন্ন বাহারি ঘুড়ি আর হরেক রকমের জিনিসপত্রের দোকান, হাজার হাজার মানুষের সমাগম এই মেলাকে প্রাণবন্ত করে তুলেছিল। তেমনি ছোট শিশুদের লটারি আর জুয়া খেলার দৃশ্যটি ছিল চোখে পড়ার মতো। এলাকার সচেতন মহলের অভিযোগ, একটি পুরোনো কুসংস্কার নিয়ে মাদার উৎসব পালনের নামে জুয়া, নাচগান, লটারি খেলা দিয়ে বিভিন্নভাবে অর্থ উপার্জন করে আসছে একটি মহল।মাদার উৎসব বা মাদার মেলা নিয়ে এলাকায় রয়েছে অনেক কথা। শত বছর ধরে হয়ে আসা এই উৎসবে আশপাশের ১০টি গ্রামের হাজার হাজার মানুষের পদাচরণা ঘটে। মাদার নামের এক দেবতাকে উদ্দেশ করে এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে বলে মেলায় উপস্থিত ৭০ বছরের বৃদ্ধ ধীরেন্দ্রনাথ শীল ও ফকির আবু সাঈদ পাগলা জানান। একঢালা মাদার ভদ্রাসন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. চান মিয়া বলেন, একটি কুসংস্কারের ওপর ভিত্তি করে মেলাটি গড়ে উঠেছে। জ্যৈষ্ঠ মাসের প্রথম বুধবার একটি বাঁশঝাড় থেকে একটি সোজা বাঁশে দুটি কোপ দিয়ে কেটে ঢাকঢোল বাজিয়ে পরিষ্কার করা হয়। পরে পূর্বনির্ধারিত ৮ জ্যৈষ্ঠ বাঁশটিতে রং করে লাল কাপড় ও চুল বেঁধে রশি দিয়ে টেনে তা খোলা জায়গায় দাঁড় করে রাখা হয়। গোড়ায় মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে তাঁকে সম্মান জানানো হয়। মেলার শেষ দিনে বাঁশটি ঘিরে অগণিত ভক্ত (হিন্দু-মুসলমান নির্বিশেষে) বাদ্যযন্ত্রের তালে তালে নেচে এবং বাঁশটিকে নাচিয়ে মেলার যবনিকা টানা হয়। এলাকার সুবিধাভোগীরা এই মেলা থেকে আয়সহ বাড়ি বাড়ি থেকে চাল-ডাল উঠিয়ে থাকে। এটিও একটি রোজগারের পন্থা।২৪ মে দেখা যায়, প্রায় তিন কিলোমিটার রাস্তাজুড়ে মেলার আয়োজন। ইরিধান কাটার পর পতিত জমিতে আয়োজন করা হয়েছে সার্কাস, যাত্রা, ভ্যারাইটি শো। অগণিত জুয়ার আসর চলছে। একই সঙ্গে চলছে একক লাঠিখেলা। এই জুয়া খেলায় অংশগ্রহণকারীদের মধ্যে শিশু-কিশোরদের সংখ্যাই বেশি দেখা যায়। অর্ধশতাধিক ঘুড়ির দোকানদার এই মেলাতে পসরা বসিয়েছে।এলাকার সচেতন মহলের পক্ষ থেকে শিক্ষক আমিনুল ইসলাম জানান, এই মাদার উৎসবকে কেন্দ্র করে এলাকার আশপাশের কয়েক গ্রামের বাড়িতে জামাই, মেয়ে ও বউদের আনা হয়। আয়োজন হয় ভূরিভোজের। এতে যতটুকু আনন্দ উপভোগ হয়, তার চেয়ে বেশি কষ্ট হয় ছোট ছোট শিশুদের জুয়া খেলায় অংশগ্রহণ দেখে। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়ারেছ মিয়া বলেন, ‘অতীতের ঐতিহ্য থেকে এই মেলা উৎসব চলে আসছে। অনুমতি নিয়ে গানবাজনা চলছে। তবে জুয়া খেলাসহ বিভিন্ন লটারি খেলার অনুমতি নেই। এ বিষয়ে আমরা সতর্ক আছি।’