রত্নগর্ভা মায়ের পাঁচ প্রজন্ম
গত ২৮ অক্টোবর প্রথম আলোর নারীমঞ্চ পাতায় ‘ইয়ারুননেছার পাঁচ প্রজন্ম’ শিরোনামে প্রকাশিত লেখাটি পড়ে আমি আমার ৮৬ বছর বয়স্ক মা আরফানের নেসা সম্পর্কে কয়েকটি কথা লিখতে আগ্রহী হয়েছি। কারণ, আমার মায়েরও এখন পাঁচ প্রজন্ম চলছে।গত সেপ্টেম্বরে ঈদুল ফিতরে যখন আমরা গ্রামের বাড়ি যাই, তখন আমাদের ঘরের বারান্দার সামনে একটি ছবি তোলা হয়। আমাদের গ্রামের বাড়ি ফেনী জেলার ফুলগাজী থানাধীন নুরপুর গ্রামে। আমাদের পাঁচ ভাই, এক বোনের ঘরে আমার মায়ের এখন ১৭ জন নাতি-নাতনি রয়েছে। এই নাতি-নাতনীদের কয়েকজন আবার দাদা-দাদি বা নানা-নানি হয়েছেন। সব মিলিয়ে আমার মায়ের এই বৃহত্তর পরিবারের সদস্যসংখ্যা প্রায় ৪৫। শুনেছি, আমার মা মাত্র ১১ বছর বয়সে বধূ হয়ে আব্বার ঘরে আসেন। তারপর একে একে আমরা পাঁচ ভাই এক বোন। আব্বা মরহুম আবদুর রশীদ মাস্টার সেই সময়ে এন্ট্রান্স পাস। ১৯২৬ সালে একটি স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন। ১৯৭৩ সালে তিনি মারা যান। ১৯৫৫ সালের দিকে আব্বার মাসিক বেতন ছিল ২৬ টাকা। এর বিপরীতে আমাদের সংসারে আমরা প্রায় ১০ জন।আর জমি যা ছিল সেখান থেকে ছয় মাসের খোরাকও আসত না।এত অভাব-অনটনের বড় বড় চাপ গেছে আমাদের মায়ের ওপর দিয়ে। ক্ষুধা লাগলে তাঁর কাছেই আমরা সবাই ছুটে যেতাম। পোশাক-আশাকের চাহিদাও তাঁর কাছে। ঈদে-পার্বণে আমরা কদাচিত্ নতুন জামা-কাপড় পেতাম। এত অভাব-অনটনের মধ্যেও আমরা যে বড় হলাম তার পেছনে আমাদের মায়ের বড় ভূমিকা ছিল। আমাদের ভাইবোনদের মধ্যে আমরা চারজন এমএ ডিগ্রিধারী; আর দুজন এসএসসি পাস। এত কষ্টের জীবনে মা আমাদের গড়ে ওঠার পেছনে যে ভূমিকা রাখেন, তার স্বীকৃতিতে ২০০৪ সালে আজাদ প্রডাক্টস আমাদের মাকে ‘রত্নগর্ভা’ উপাধি দিয়ে ভূষিত করেন। আমাদের মায়ের সাফল্যের উদাহরণ আমরা, তাঁর সন্তানেরা, এখন কে কোথায় আছি তার একটু সংক্ষিপ্ত বিবরণ দিয়ে এ লেখাটি শেষ করছি। আমাদের আব্বা-আম্মার প্রথম সন্তান মোহাম্মদ শাহাবুদ্দীন ১৯৫৪ সালে ম্যাট্রিক পাস করে আর পড়তে পারেননি। উচ্চশিক্ষায় তাঁর আগ্রহ ছিল, কিন্তু আব্বা তখন তাঁকে বললেন, ‘তুমি আমাকে একটু-আধটু সাহায্য না করলে তোমার ভাইবোনদের লেখাপড়ার খরচ চালাতে আমার খুব কষ্ট হবে।’ আব্বার অবস্থার কথা বিবেচনা করে বড় ভাই মোহাম্মদ শাহাবুদ্দীন তখন চাকরিতে ঢুকলেন এবং তাঁর জীবনটা আমাদের জন্য উত্সর্গ করলেন। আমাদের মা-বাবার দ্বিতীয় সন্তান হচ্ছি আমি। আমাদের তিন নম্বর ভাই ডা. জহিরউদ্দিন আহমেদ এখন পরিবার পরিকল্পনা সমিতি, বাংলাদেশের মহাপরিচালক।লন্ডন স্কুল অব ট্রপিক্যাল মেডিসিন থেকে তিনি মাস্টার ডিগ্রি নিয়েছেন। আমাদের চতুর্থ ভাই ড. মুনীরউদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসির অধ্যাপক।তাঁর পরের জন টেমু, গোলাপ রোজ বেগম, একমাত্র বোন। তিনিও ম্যাট্রিকের পর আর পড়তে পারলেন না। কারণ, গ্রামে তখন কলেজ শিক্ষার ব্যবস্থা ছিল না। গ্রামে তখন হাইস্কুলও ছিল না; অনেক কষ্ট করে মা-বাবার প্রবল সাহায্য ও উত্সাহে গ্রামের কাঁচা রাস্তায় তিন মাইল হেঁটে টেমু ম্যাট্রিক পরীক্ষাটা পাস করেন। ভাইবোনদের মধ্যে সর্বকনিষ্ঠ হচ্ছেন জিয়াউদ্দীন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের একজন মহাব্যবস্থাপক। এখন ডেপুটেশনে গাজীপুরে সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক। আমাদের মা এখনো তাঁর নিজের বাড়ির এ ঘর থেকে সে ঘর হাঁটাহাঁটি করেন। বাড়ি গেলে আমাদের খাবারদাবারের খোঁজখবর নেন, বিভিন্ন বিষয়ে আমাদের উপদেশ-পরামর্শ দিয়ে পরিচালিত করেন। মা এখন আমাদের পরিবারের ঐক্যের প্রতীক হিসেবে নীরবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। আমাদের মা যেন অন্তত শতবর্ষী হতে পারেন সে জন্য সবার কাছে দোয়া চাইছি। মহিউদ্দিন আহমদ: সাবেক সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়।