রথযাত্রার জন্য কাল ইসলামী আন্দোলনের হরতাল অর্ধদিবস
হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উত্সব রথযাত্রা পালনের সুবিধার্থে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাল ৩ জুলাই পূর্ণদিবসের পরিবর্তে অর্ধদিবস হরতাল কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে। দলের মহাসচিব ইউনুছ আহম্মাদ প্রথম আলোকে এ কথা জানিয়েছেন।দেশের হিন্দু সম্প্রদায়ের পক্ষে ইস্কন বাংলাদেশের (ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস) সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী রথযাত্রা পালনের জন্য হরতাল প্রত্যাহার করতে ইসলামী আন্দোলনের কাছে লিখিতভাবে অনুরোধ করেন।এরই পরিপ্রেক্ষিতে আজ শনিবার রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যালয়ে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক বসে। এতে ৩ জুলাইয়ের হরতাল পূর্ণদিবসের পরিবর্তে অর্ধদিবস পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়।এদিকে আজ বিকেল চারটার দিকে হরতালের সমর্থনে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজধানীর পুরানা পল্টন কার্যালয় থেকে মিছিল বের করার চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের ব্যানার ও মাইক কেড়ে নেয় বলে দলটি অভিযোগ করেছে।দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আহম্মদ আব্দুল কাইয়ুম প্রথম আলোকে বলেন, পুলিশ তাঁদের নেতাদের কার্যালয়ে অবরুদ্ধ করে রেখেছে, বের হতে দিচ্ছে না।পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল হক মাইক ও ব্যানার নেওয়ার কথা স্বীকার করে বলেন, হরতালের সমর্থনে দলটির মিছিল বের করার কথা ছিল। বিশৃঙ্খলার আশঙ্কায় কাউকে জড়ো হতে দেওয়া হচ্ছে না।প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ ৩ জুলাই রাজধানী ঢাকায় পূর্ণদিবস হরতাল পালনের কর্মসূচি দেয়। ওই দিন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বন্দর-বিদ্যুত্ রক্ষা জাতীয় কমিটিও অর্ধদিবস হরতাল ডেকেছে।