প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে চাঁপা রানী ভৌমিক হত্যা মামলার আসামি দেবাশীষ সাহা রনিকে আবার দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। তিন দিনের রিমান্ড শেষে আজ বৃহস্পতিবার তাঁকে আদালতে হাজির করা হয়। এ সময় তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। বিকেলে রিমান্ড আবেদনের ওপর শুনানি শেষে জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোমিনুল হাসান দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলী জানান, রিমান্ডে রনি মুখ খুলতে শুরু করেছেন। এ জন্য তাঁকে আরও পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে আদালত দুই দিন মঞ্জুর করেন। প্রসঙ্গত, মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিকার চাওয়ায় স্থানীয় দেবাশীষ সাহা ওরফে রনির নেতৃত্বে বখাটেরা গত ২৬ অক্টোবর চাঁপা রানী ভৌমিককে রাস্তায় মোটরসাইকেল চাপা দিয়ে হত্যা করে।