রনি-শাহীনের ছবির গল্প
কারওয়ান বাজারের মোড়ে সি আর দত্ত সড়কের শুরুতে বসানো বাঘের ভাস্কর্যটা ঠাঁই পেয়েছে একটা পোস্টারে। আলোকচিত্র প্রদর্শনীর এই পোস্টারের কয়েকটি চোখে পড়ল এফডিসির পাশে। পোস্টারের ছবিতে বাঘের গায়ে হাত দিয়ে আছে দুই র্িশশু। পোস্টারে দেওয়া তথ্য থেকে জানা গেল, ছবিটি তুলেছে ১৪ বছরের শিশু মোহাম্মদ রনি। রনি একটা সময় ছিল পথশিশু।কাকতাল বলে যে একটা কথা আছে, সেভাবেই রনির সঙ্গে আলাপ-পরিচয়। পোস্টার দেখে এফডিসির রেললাইনের দিকে পা বাড়াতেই চোখে পড়ে আরেক দৃশ্য। এক শিশুর হাতে দু-দুটো মুঠোফোন। কায়দা করে দুই হাতে দুটো ধরে সামনের দিকে তাক করে আছে সে। আর মুঠোফোন দুটোর সামনে দাঁড়িয়ে গান গাইছে আরেক শিশু। মিউজিক ভিডিওর আদলে নাচে-গানে অভিনয় করে যাচ্ছে সে। পাউডার মেখে তার মুখ খানিকটা সফেদ করা হয়েছে। বুঝতে আর বাকি রইল না, তারা মিউজিক ভিডিও তৈরি করছে। ভিডিও ক্যামেরার বদলে তারা ব্যবহার করছে মুঠোফোন। এক মুঠোফোনে বেজে চলছে গান, আরেক মুঠোফোনে করা হচ্ছে ভিডিও। রেললাইনের পাশে, হাতিরঝিলে চলে তাদের সংগীতচিত্র নির্মাণের কাজ। ফাঁকে ফাঁকে তাদের সঙ্গে কথা হয়। যে ছেলেটা চিত্রগ্রাহক, তার বয়স ১৫, নাম শাহীন আলম। আর যে অভিনেতা সে হচ্ছে মোহাম্মদ রনি। এই রনির তোলা ছবিই হয়ে গেছে পোস্টার!রনি আর শাহীন দুজনারই একটা সময় কেটেছে কারওয়ান বাজারের পথে। কাঁচাবাজারে, মাছবাজারে এটা-সেটা কুড়িয়ে, রিকশাভ্যান ঠেলে রুজি-রোজগারের দফা করে নিয়েছিল তারা। তাদের জিজ্ঞেস করা হয়, ‘তোমাদের বাবা-মা কোথায়?’ ‘১০-১২ বছর আগে আমার বাবা ট্রাকচাপা পড়ে মারা গেছে। তার কিছুদিন পরে মা মারা যায় ক্যানসারে। আমার দেশের বাড়ি কোথায় জানি না। তবে আমরা থাকতাম সাভারে। বাবা-মা মারা যাওয়ার পর আমাদের চার ভাই-বোনকে চারটি পরিবার নিয়ে যায়। আমাকে যারা নেয়, তারা আমাকে নিজের ছেলেমেয়ের মতো আদর করত না। তাই ছয় বছর বয়সে কারওয়ান বাজারে চলে আসি।’ প্রমিত বাংলায় বলে চলে শাহীন আলম। তবে আঞ্চলিকতার টান রয়ে গেছে রনির কণ্ঠে, ‘আমার যখন পাঁচ বছর বয়স তখন আমার মা মারা যায়। বাবা থাকত সিঙ্গাপুরে। আমি থাকতাম চাচ্চুর সঙ্গে। আমি পড়তে চাইতাম। কিন্তু চাচ্চু আমারে পড়তে দিত না। কাজ করতে বলত। কাজ না করলে খাওন দিত না, মাইর-ধইর করত। তাই একদিন বাসে উইঠা ঢাকা চলে আসি, নামি মহাখালী। একটা বাসে উইঠা গুলিস্তান চইলা আসি। আমার আর কোনো টাকা ছিল না। চইলা যাই নবাবপুর রোডে। সেখানে একটা খাবারের হোটেলের পাশে গিয়া দাঁড়াইয়া থাকি। হোটেলের এক লোক হোটেলের থালা-বাসন ধোয়ার কাজ দেয়। এভাবে দুই বছর যায়, কিন্তু তারা আমার বেতন ধরে না। একদিন জামাকাপড় নিয়া তাই কারওয়ান বাজার চইলা আসি। ভ্যানগাড়ি ঠেইলা খাওনের টাকা জোগাড় করি, আর রাস্তায় পোলাপানের লগে ঘুমাই। কারওয়ান বাজারে দুইটা ছেলের সঙ্গে আমার বন্ধুত্ব হয়। ওরা ড্রপ ইন সেন্টারে পড়তে যায়। আমারেও নিতে চায়, আমি ভয়ে যাই না। একটা সময় আমার জন্ডিস হয়। আমি বেহুঁশ হইয়া যাই। আমার বন্ধুরা আমারে তখন ড্রপ ইন সেন্টারে নিয়া যায়।’বছর চারেক আগে রনির ঠাঁই মেলে ২৮ কারওয়ান বাজারে, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের ‘ড্রপ ইন সেন্টার’-এ। এক মাঠকর্মী শাহীন আলমকে সেখানে নিয়ে যায় বছর পাঁচেক আগে। পদক্ষেপের এই ‘ড্রপ ইন সেন্টার’ বদলে দিয়েছে শাহীন ও রনির জীবন। সেখানে তারা পড়াশোনার সুযোগ পায়। একটা সময় তাদের ভর্তি করে দেওয়া হয় তেজগাঁও রেল কলোনির পাশে ইসলামিয়া সমিতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সেখানে এখন শাহীন পড়ে পঞ্চম শ্রেণীতে আর রনি তৃতীয় শ্রেণীতে। পড়াশোনায় ভালো করায় শাহীন আর রনি পদক্ষেপের ‘ওপেন এয়ার স্কুল’-এর শিশু প্রতিনিধির কাজ করছে। তারা সেখানে পথশিশুদের পড়ায়। এ জন্য দুজনেই তিন হাজার ৬২৫ টাকা করে বেতন পাচ্ছে প্রতি মাসে। এর বেশির ভাগই জমছে তাদের ব্যাংক হিসেবে।পড়াশোনা ছাড়াও পথশিশুদের নিয়ে সৃজনশীল প্রতিযোগিতার আয়োজন করে পদক্ষেপ। তাতে নাচ আর অভিনয়ে ভালো করে শাহীন আর রনি। রনি আবার ছবিও ভালো আঁকে। ইউনিসেফের অর্থায়নে যখন সুবিধাবঞ্চিত শিশুদের আলোকচিত্র শেখানোর উদ্যোগ নেওয়া হয়, তাতে শাহীন আর রনি সুযোগ পায়। সেখানে তাদের প্রশিক্ষণ দেয় দেশ-বিদেশের আলোকচিত্রীরা। প্রশিক্ষণের অংশ হিসেবে তারা যে ছবি তোলে, তা থেকে নির্বাচিত ২০ শিশুর ছবি নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়। এই প্রদর্শনীতেই প্রথম স্থান পায় রনির ছবি। প্রদর্শনীতে আছে শাহীনের তোলা ছবিও। প্রদর্শনীর ২০ খুদে আলোকচিত্রীই পাবে একটি করে ডিজিটাল ক্যামেরা। এই ক্যামেরা পাওয়ার আগে রনি আর শাহীনের হাত খালি। তাই অবসরে মুঠোফোন নিয়ে মিউজিক ভিডিও বানায় তারা। ছবি তোলা শেখার অভিজ্ঞতাই কেবল তাদের সম্বল। এখন কেবল আলোকচিত্রী হওয়ারই স্বপ্ন দেখছে শাহীন আর রনি। পরিবারের কারও সঙ্গে কি যোগাযোগ নেই তোমাদের? এমন প্রশ্নে শাহীন বলে, ‘ভাইবোন কে কোথায় আছে তা ঠিক জানি না। শুধু গত বছর শুনছি বড় বোনের নাকি বিয়ে হয়ে গেছে।’ আর রনিরও যোগাযোগ নেই বাড়ির সঙ্গে। তার ভাষ্য, ‘বাড়ি থেইকা জিদ কইরা আইছি। যেদিন অনেক বড় হব, সেদিন বাড়ি যাব।’