আবারও ফটিকছড়ির মতো ঘটনার আশঙ্কা প্রধানমন্ত্রীর
রনির আসনে হাসিনাকে প্রার্থী চান তৃণমূলের নেতারা
আগামী নির্বাচনে পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনে সাংসদ গোলাম মওলা রনির স্থলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রার্থী হওয়ার জন্য আওয়ামী লীগের ওই জেলার তৃণমূলের নেতারা অনুরোধ জানিয়েছেন।গতকাল বৃহস্পতিবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতাদের মতবিনিময় সভা হয়।সভাসংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর উদ্বোধনী বক্তৃতার পর তৃণমূলের নেতারা সাংগঠনিক বিষয়ে বক্তব্য দেন। তাঁরা বলেন, ১৯ বছর ধরে জেলা আওয়ামী লীগের কাউন্সিল হয় না। দ্রুত জেলা কাউন্সিলের দাবি জানান তাঁরা। এ সময় দলের গলাচিপা উপজেলা শাখার সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আজিজ এবং দশমিনা শাখার সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ পটুয়াখালী-৩ আসনে আগামী নির্বাচনে শেখ হাসিনাকে প্রার্থী হওয়ার অনুরোধ করেন।এই অনুরোধের জবাবে শেখ হাসিনা কোনো মন্তব্য করেননি। তবে তিনি বলেন, ফুটবল খেলায় যেমন দলকে জেতানোর জন্য মাঝেমধ্যে বাইরে থেকে খেলোয়াড় আনতে হয়, তেমনি নির্বাচনে জেতার জন্যও কিছু কৌশল অবলম্বন করতে হয়।প্রধানমন্ত্রী আরও বলেন, সব সাংসদের আমলনামা আছে। সবকিছু বিবেচনা করেই আগামী নির্বাচনে মনোনয়ন দেওয়া হবে।মতবিনিময় সভায় সাংসদ গোলাম মওলা রনি ছাড়া ওই জেলার সরকারদলীয় বাকি তিন সাংসদ উপস্থিত ছিলেন। খোঁজ নিয়ে জানা গেছে, গোলাম মওলা এখন যুক্তরাষ্ট্রে আছেন।ফটিকছড়ির মতো ঘটনা আরও ঘটতে পারে: মতবিনিময় সভায় বক্তৃতায় প্রধানমন্ত্রী আশঙ্কা প্রকাশ করে বলেন, ফটিকছড়ির মতো ঘটনা আবারও ঘটতে পারে। তিনি এ ব্যাপারে দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান।প্রধানমন্ত্রী অভিযোগ করেন, বিএনপি-জামায়াত ক্ষমতার মোহে গণবিরোধী কর্মকাণ্ড করছে। মসজিদের মাইকে আজান দিয়ে নামাজে যাওয়ার আহ্বান জানানো হয়, অথচ সেই মসজিদের মাইক তারা ব্যবহার করছে খুনখারাবির কাজে।প্রসঙ্গত, ১০ এপ্রিল চট্টগ্রামের ফটিকছড়িতে আওয়ামী লীগের হরতালবিরোধী মিছিলে হামলা চালিয়ে তিনজনকে হত্যা করা হয়। জামায়াত ও হেফাজতে ইসলামের কর্মীরা মসজিদের মাইকে গুজব ছড়িয়ে এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ রয়েছে।শেখ হাসিনা বলেন, ‘দেশে বিদ্যুতের জন্য হাহাকার ছিল। আমরা ক্ষমতায় এসে এ সমস্যার সমাধান করেছি। বিএনপি-জামায়াত আন্দোলনের নামে বিদ্যুৎকেন্দ্র পুড়িয়ে দিচ্ছে।’ তিনি বলেন, ‘তারা রেললাইনের ফিশপ্লেট তুলে দিয়ে মানুষ হত্যার চেষ্টা করেছে। ট্রেনে প্রায় এক হাজার মানুষ ছিল। চালক যদি সতর্ক না থাকত, তাহলে মানুষগুলো মারা যেত। কোনো সুস্থ মানুষ এটা করতে পারে? আর এসব তারা যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য করছে। তারা বাস, সিএনজিতে আগুন দিচ্ছে। ড্রাইভার পুড়িয়ে মারছে।’শেখ হাসিনা আরও বলেন, ‘দেশের গরিব মানুষ ভালো থাকলে অনেকের ভালো লাগে না। বিরোধী দলের নেত্রীরও ভালো লাগছে না। উনি ক্ষমতায় থাক, আর তাঁর পরিবার লুটপাট করে খাক, এটাই চান। দেশের গরিব মানুষ খেতে পারুক আর না-পারুক, তাতে তাঁর কোনো সমস্যা নেই।’মতবিনিময় সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফরউল্লাহ, মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ।