রনির পদত্যাগ চেয়েছেন গলাচিপা আ.লীগের নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের আওয়ামী লীগের সাংসদ গোলাম মাওলা রনি যুদ্ধাপরাধীদের বিচার ও পদ্মা সেতু নির্মাণে বাধাদানকারীদের সহায়তা করছেন। আজ শনিবার সকালে গলাচিপা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়।সংবাদ সম্মেলনে গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা এবং সহসভাপতি সন্তোষ কুমার দে স্বাক্ষরিত লিখিত বক্তব্যে বলা হয়, সাংসদ রনির নেতৃত্বে এর আগে গলাচিপার পানপট্টিতে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আয়োজিত দলীয় সমাবেশ পণ্ড হয়েছে। তিনি কোনো সময়ই আওয়ামী লীগের পক্ষে কাজ করেননি। বরং আওয়ামী-বিরোধীদের উসকানি দিয়ে আসছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সহসভাপতি ও পৌরসভার মেয়র আবদুল ওহাব খলিফা, যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক সরদার মো. শাহ আলম, শামসুজ্জামান প্রমুখ।যোগাযোগমন্ত্রী এবং দলের দুজন জ্যেষ্ঠ নেতাকে জড়িয়ে রনি টেলিভিশনের টকশোতে করা মন্তব্যের পর গতকাল শুক্রবার উপজেলা আওয়ামী লীগের এক সভায় আজ সকাল ১০টায় গলাচিপা পৌর মঞ্চে প্রতিবাদ সমাবেশ করার সিদ্ধান্ত নেয়। একই সময় এ জায়গায় সাংসদ রনির অনুসারীরা জনসভা করার ঘোষণা দেয়। এতে উপজেলা প্রশাসন আজ সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য গলাচিপা পৌর মঞ্চ এবং পার্শ্ববর্তী এলাকায় ১৪৪ ধারা জারি করে। আজ সকালে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লস্কার তাজুল ইসলাম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ ঘোষণা দেওয়া হয়।সকাল ১০টায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে উপজেলা আওয়ামী লীগ। বেলা ১১টায় উপজেলা আওয়ামী লীগের রনি-সমর্থিত অংশের নেতারা গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয়-সংলগ্ন তাঁদের কার্যালয়ে পাল্টা সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে ১৪৪ ধারা জারির পরিস্থিতি সৃষ্টির জন্য উপজেলা আওয়ামী লীগের নেতাদের দায়ী করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা সাধারণ সম্পাদক কাজী সহিদুল হক, মো. শামীম মিয়া, মাইনুল ইসলাম প্রমুখ।কাজী সহিদুল হক প্রথম আলোকে বলেন, ‘প্রধানমন্ত্রী সাংসদকে কী বলেছেন না বলেছেন, সেটা আমাদের দেখার বিষয় না। প্রধানমন্ত্রী একজন সাংসদকে বকতেই পারেন। আমরা দল করি। দলের স্থানীয় ভাবমূর্তি রক্ষা করা আমাদের দায়িত্ব।’পটুয়াখালী জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক কাশীনাথ দত্ত বলেন, ‘তিনি এলাকায় ও সারা দেশে আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ন করার মিশনে নেমেছেন। তাঁর সর্ব শেষ এ ধরনের কর্মকাণ্ডের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে বেঈমান ও ‘মীর জাফর বলেছেন। এবার আমরা অপেক্ষায় আছি মাননীয় প্রধানমন্ত্রী বেঈমান ও মীর জাফরের কী বিচার করেন, তা দেখার জন্য। এলাকাবাসীর দাবি, বিশ্বাসঘাতক সাংসদ রনিকে দল থেকে ও সাংসদের পদ থেকে বহিষ্কার করা।’উল্লেখ্য, গত সোমবার একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে প্রধানমন্ত্রীর ইচ্ছায় ‘দৌড় প্রতিযোগিতায়’ প্রথম হয়ে সৈয়দ আবুল হোসেনের যোগাযোগমন্ত্রী হওয়া-সংক্রান্ত বক্তব্যের কারণে দলের সংসদীয় কমিটির সভায় রনির সমালোচনা করেন, প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ আওয়ামী লীগের একজন জ্যেষ্ঠ সাংসদ।