রপ্তানি আয়ে নিম্নগতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের অর্থবছরে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি ছিল ৪১ দশমিক ৪৭ শতাংশ। এরপর নতুন অর্থবছরটি শুরু হয়েছিল ২৯ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে। কিন্তু এ প্রবৃদ্ধি এর পর থেকে ক্রমশ নিচে নেমেছে। আর গত দুই মাস—মার্চ ও এপ্রিলে প্রবৃদ্ধি ঋণাত্মক। সার্বিকভাবে চলতি ২০১১-১২ অর্থবছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক ৪১ শতাংশ । চলতি অর্থবছরের দুই হাজার ৬৫০ কোটি ডলার লক্ষ্যমাত্রার মধ্যে গত এপ্রিল পর্যন্ত রপ্তানি আয় হয়েছে এক হাজার ৯৭৭ কোটি ৭০ লাখ ডলার। এটি লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৭ শতাংশ কম। দেশের শীর্ষস্থানীয় রপ্তানিকারকেরা বলছেন, রপ্তানির প্রধান দুই বাজারেই সংকট চলছে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো ঋণসংকটে ভুগছে। বাংলাদেশের রপ্তানি পণ্যের ৫১ শতাংশই যায় এখানে। মন্দার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রও। এখানে রপ্তানি হয় মোট রপ্তানির ২২ শতাংশ। মন্দার কারণে চাহিদা সংকুচিত হচ্ছে। পণ্যের দাম কমে গেছে। তাই কমেছে বাংলাদেশি পণ্যের রপ্তানি। চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি হয় ২৮ দশমিক ৭০ শতাংশ, আগস্টে ৩২ দশমিক ৪০ শতাংশ, অক্টোবরে ১৫ দশমিক ৪৪ শতাংশ, নভেম্বরে ২ দশমিক ৪০ শতাংশ, ডিসেম্বরে ৩ দশমিক ৮৫ শতাংশ, জানুয়ারিতে ১১ দশমিক ৯৪ শতাংশ এবং ফেব্রুয়ারি মাসে রপ্তানি আয়ের প্রবৃদ্ধি ছিল ৪ দশমিক ৯৫ শতাংশ। এর পরের দুই মাসে রপ্তানিতে কোনো প্রবৃদ্ধি হয়নি; বরং হয়েছে ঋণাত্মক প্রবৃদ্ধি। যেমন, মার্চে ঋণাত্মক প্রবৃদ্ধি ছিল ৭ দশমিক ২৩ শতাংশ, এপ্রিলে ৭ দশমিক ১৩ শতাংশ। সার্বিকভাবে অর্থবছরের প্রথম ছয় মাসে রপ্তানি খাতের প্রবৃদ্ধি ১৪ দশমিক ৭ শতাংশ হলেও পরের চার মাসে তা কমে হয় মাত্র শূন্য দশমিক ৩ শতাংশ। ফলে এবার লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব না-ও হতে পারে বলেই মনে করছেন তাঁরা। গত কয়েক মাসের রপ্তানি আয়ও সেই ইঙ্গিতই দিচ্ছে। তবে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান শুভাশিস বসু বলেন, ‘লক্ষ্যমাত্রা অর্জন করা মুখ্য বিষয় নয়, গতবারের চেয়ে এবার বেশি আয় হলো কি না, সেটাই গুরুত্বপূর্ণ। সেই হিসাবে আমরা মোটামুটি সফল। জিডিপি থেকে এখনো রপ্তানির প্রবৃদ্ধি বেশি আছে।’তৈরি পোশাক (নিট এবং ওভেন) খাতের ‘সাদামাটা’ প্রবৃদ্ধির কারণেই সামগ্রিক রপ্তানিতে এবার নেতিবাচক প্রভাব পড়েছে। ওভেন ও নিট পোশাক খাত দুটিতে এখন পর্যন্ত রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে ১৬ দশমিক ৯০ ও ২ দশমিক ৯৯ শতাংশ। অথচ ২০১০-১১ অর্থবছরে ওভেন ও নিট পোশাক খাতে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি ছিল যথাক্রমে ৪০ ও ৪৬ শতাংশ। এ ছাড়া পাট ও পাটজাত পণ্য রপ্তানি কমে গেছে। চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে আয় কমেছে প্রায় ১০ শতাংশ। চলতি অর্থবছরে প্রথম ১০ মাসে তৈরি পোশাক ও পাট ছাড়া হিমায়িত খাদ্য, পাদুকা, টেরিটাওয়েল, কার্পেট, কাঠ ও কাঠজাত পণ্য, হোম টেক্সটাইল, রাবার, রাসায়নিক সারসহ বেশ কিছু প্রধান রপ্তানি পণ্য আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে। অন্যদিকে লক্ষ্যমাত্রা ও আগের বছরের একই সময়ের চেয়ে রপ্তানি আয় বেড়েছে ওভেন পোশাক, কৃষিজাত পণ্য, চা, ফল, শুকনো খাবার, চামড়া ও চামড়াজাত পণ্য, প্লাস্টিকপণ্য, হস্তশিল্প, ইলেকট্রিক পণ্য, বাইসাইকেল, ইঞ্জিনিয়ারিং, আসবাব প্রভৃতি পণ্যে।বাংলাদেশ রপ্তানিকারক সমিতির সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেন, ‘ব্যাংকঋণের জন্য আমাদের চড়া সুদ গুনতে হচ্ছে। বিদ্যুৎ, গ্যাস, ডিজেল, ফার্নেস অয়েলের দাম দফায় দফায় বেড়েছে। এসবের প্রভাবে উৎপাদন ব্যয় বেড়ে রপ্তানিমুখী শিল্পের সক্ষমতা হ্রাস পাচ্ছে; বিশেষ করে প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক খাতের রপ্তানি ব্যাহত হচ্ছে।’