রপ্তানি আয়ে প্রধান হয়েও পোশাক খাত থেকে শীর্ষ করদাতা নেই: অর্থমন্ত্রী
তৈরি পোশাক খাত রপ্তানি আয়ের দিক থেকে দেশের সবচেয়ে বড় খাত হলেও এ খাতের উদ্যোক্তাদের মধ্যে কোনো শীর্ষ করদাতা নেই। এমনকি এ খাতের উদ্যোক্তাদের কোনো ধরনের শুল্ক ও ভ্যাট দিতে হয় না। এসব বক্তব্য রেখে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘তৈরি পোশাক খাতে নতুন করে আর কোনো প্রণোদনা প্যাকেজ দেওয়া হবে না।’ তবে এ খাতের বিদ্যমান সমস্যা সমাধানে সংশ্লিষ্ট বাণিজ্য সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করা হবে।আজ বুধবার মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় মন্ত্রী আরও বলেন, দেশের এক হাজারের কম করদাতা মোট আয়করের ৩৮ শতাংশ দিয়ে থাকেন। আর অনেকেই মনে করেন যে একবার কর দেওয়া শুরু করলে তাঁদের সমস্যা বাড়বে। এটা ঠিক নয়।রাজধানীর মতিঝিলে চেম্বার ভবনে এমসিসিআই সভাপতি এম আনিস উদ দৌলার সভাপতিত্বে আয়োজিত এ মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন এমসিসিআইয়ের সাবেক সভাপতি লতিফুর রহমান, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি শাকিল রিজভী, বিজিএমইএর সহসভাপতি শফিউল ইসলাম, এমসিসিআইয়ের পরিচালক নিহাদ কবির, বার্জার পেইন্টস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী, সাবেক সচিব মতিউল ইসলাম, আনিস এ খান প্রমুখ।অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, চলতি অর্থবছরের মধ্যে কয়লানীতি চূড়ান্ত করা হবে। দেশের বিদ্যুতের সংকট কাটাতে ঢাকা ও চট্টগ্রামে দুটি কয়লাভিত্তিক বিদ্যুেকন্দ্র স্থাপন করা হচ্ছে। এসব বিদ্যুেকন্দ্র নির্মাণ হলে বিদ্যুতের সংকট কমবে।এর আগে স্বাগত বক্তব্যে এমসিসিআই সভাপতি আনিস উদ দৌলা বলেন, তাঁরা উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের এবং একই সঙ্গে খনি এলাকার মানুষজনের টেকসই পুনর্বাসনের পক্ষে।