রপ্তানি উন্নয়ন ব্যুরোর ছয় কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন ভুয়া প্রতিষ্ঠানের নামে জাল-জালিয়াতির মাধ্যমে এবং মুক্তবাজার কোটা বরাদ্দের অভিযোগে রপ্তানি উন্নয়ন ব্যুরোর ছয় কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার রাজধানীর তেজগাঁও থানায় দুদকের সহকারী পরিচালক নুর হোসেন খান বাদী হয়ে এ মামলা দায়ের করেন।মামলায় রপ্তানি উন্নয়ন ব্যুরোর দুই পরিচালক কে এম সালেহীন ও ওমর ফারুক, উপপরিচালক এম আতিকুল্লাহ, সহকারী পরিচালক এ কে এম গোলাম মোস্তফা, প্রদর্শনী কর্মকর্তা নজরুল ইসলাম ও সাবেক তদন্তকারী কর্মকর্তা (মতিঝিল জোন) মোশারফ হোসেনকে আসামি করা হয়েছে।মামলার এজাহারে বলা হয়েছে, আসামি ছয়জন সম্মিলিতভাবে ১৯৯৯ কোটাবর্ষে ১৪টি ভুয়া প্রতিষ্ঠানের নামে মোট ১৩ হাজার ১৩৬ ডজন ‘মুক্তবাজার কোটা’ বরাদ্দপত্র অনুমোদন করেছেন। প্রতিষ্ঠানগুলো হলো: মেসার্স ঝিল ফ্যাশন লিমিটেড, মেসার্স হেনা গার্মেন্টস, মেসার্স অনিক নিট ওয়্যারস, মেসার্স আশিক নিট ওয়্যারস, মেসার্স ক্রিয়েটিভ নিট কনসার্স, মেসার্স ফ্যাশন ক্রাফট, মেসার্স হামাদ টেক্সটাইল, মেসার্স ঈপ্সিতা নিট ওয়্যারস, মেসার্স কেকে নিট ওয়্যারস, মেসার্স সিসি গার্মেন্টস, মেসার্স মাল্টিটেক ফ্যাশন ওয়্যারস, মেসার্স নর্থসাউথ নিটিং অ্যাপারেলস, স্টিচ মাস্টার ও মেসার্স ট্রেন্ডি অ্যাপারেলস। এসব প্রতিষ্ঠানের নামে ভুয়া রেকর্ডপত্র তৈরি করে আসামিরা মুক্তবাজার বরাদ্দপত্রের অনুমোদন করিয়ে নেন। তাদের বিরুদ্ধে দণ্ডবিধি ৪১৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১, ১০৯ ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় মামলা করা হয়েছে বলে জানিয়েছেন তেজগাঁও থানার কর্তব্যরত কর্মকর্তা।