রপ্তানি কমছে, ক্রেতারা অন্য দেশে চলে যাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই কোটি ৫৬ লাখ ডলারের তৈরি পোশাকের কার্যাদেশ বাতিল। সময়মতো পণ্য পাঠাতে না পারার মাশুল হিসেবে বিদেশি ক্রেতাদের এক কোটি ১৩ লাখ ডলারের মূল্যছাড়। আকাশপথে পণ্য পাঠাতে ব্যয় তিন কোটি ডলার। আর জাহাজীকরণে বিলম্ব হয়েছে নয় কোটি ২৮ লাখ ডলারের পণ্য।এটি সাম্প্রতিক হরতাল আর রাজনৈতিক সহিংসতায় ৩২টি তৈরি পোশাক কারখানার লোকসানের খতিয়ান। এর বাইরে আছে হাজার তিনেক কারখানা। ফলে লোকসানের তালিকাটি যে আরও দীর্ঘ, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তা ছাড়া পুরো শিল্পে এক দিনের হরতালে প্রায় ২০০ কোটি টাকার উৎপাদন ব্যাহত হয়।দেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন তথ্যই দিয়েছেন তৈরি পোশাক ও বস্ত্রশিল্পের নেতারা। তাঁরা বলেছেন, গত চার বছরে নতুন বাজারে রপ্তানি প্রবৃদ্ধি ৬ থেকে বেড়ে ১৫ শতাংশ হয়েছে। কিন্তু এই ধারাবাহিকতা রক্ষা করা যাচ্ছে না, পুরোনোদের পাশাপাশি নতুন ক্রেতারাও মুখ ফিরিয়ে নিচ্ছেন।নেতারা আরও বলেন, ‘রাশিয়া, ব্রাজিল, পেরু, জাপান, চিলি, আর্জেন্টিনা, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকার ক্রেতারা প্রথমবারের মতো এসেছিলেন। তবে তাঁরা দেশের পরিস্থিতি দেখে কার্যাদেশ দেননি। বলেছেন, ‘তোমরা টেস্ট কেসে ফেল করেছ।’বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ), বাংলাদেশ নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) ও বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) গতকাল মঙ্গলবার যৌথভাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। বিজিএমইএর সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন সমিতির সভাপতি আতিকুল ইসলাম। তিনি বলেন, ঘন ঘন হরতাল, সহিংসতা ও প্রাণহানিতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। ক্রেতারা বিষয়গুলো নিয়ে ভাবছেন, আস্থা হারাচ্ছেন। তাঁরা বাংলাদেশে আসতে ভয় পাচ্ছেন এবং প্রতিযোগী দেশগুলোতে পোশাক তৈরির কার্যাদেশ সরিয়ে নিচ্ছেন। সম্প্রতি ভিয়েতনাম ও কম্বোডিয়ায় রপ্তানি বেড়েছে যথাক্রমে ২২ ও ১৫ শতাংশ।তৈরি পোশাক কারখানায় প্রায় ৩২ লাখ নারী শ্রমিক কাজ করেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কোনো কারণে এই শিল্প অস্তিত্ব হারালে তাঁরা কর্মহীন হবেন। এতে আর্থসামাজিক ভারসাম্য হারাবে—এমন আশঙ্কার কথা উল্লেখ করে বিজিএমইএর সভাপতি বলেন, এ ধরনের আর্থসামাজিক বিপর্যয়ের ভার কাটিয়ে উঠতে কোনো সরকার কি সক্ষম হবে?রাজনৈতিক দলগুলো পোশাকশিল্পকে হরতালমুক্ত ঘোষণা করেছে। তবে এতে সুফল পাওয়া যাচ্ছে না—এমন অভিযোগ করে বিজিএমইএর সভাপতি বলেন, হরতালে কারখানা খোলা থাকে। কিন্তু যানবাহন বন্ধ থাকায় শ্রমিকেরা কাজে আসতে পারেন না। আবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে পণ্য আনা-নেওয়া করা যায় না। ফলে উৎপাদন ব্যাহত হয়।আতিকুল ইসলাম বলেন, রাজনৈতিক চাপের কারণে উদ্যোক্তারা ক্রেতাদের করুণার পাত্র হয়ে গেছেন। ক্রেতারা ইচ্ছামতো কার্যাদেশ বাতিল করছেন। ঠিক সময়ে জাহাজীকরণ করতে না পারলে তাঁরা এয়ারফ্রেইটের কথা বলেন। এতে ১২৮০ শতাংশ খরচ বেড়ে যায়। ফলে মালিকদের লাভ তো থাকেই না, উল্টো পুঁজি থেকে চলে যায়।বিষয়টি ব্যাখ্যা করে বিজিএমইএর সভাপতি বলেন, সমুদ্রপথে এক কেজি পণ্য পাঠাতে খরচ হয় ৩০ সেন্ট। আর আকাশপথে পাঠাতে লাগে ৪ দশমিক ১৫ ডলার। গত জানুয়ারি-মার্চ সময়ে হরতালের কারণে এয়ারফ্রেইট বাবদ ৩৯০ কোটি টাকার লোকসান হয়েছে। এতে দেশ থেকে পাঁচ কোটি ডলারের বৈদেশিক মুদ্রা বিদেশে চলে গেছে।বিজিএমইএর সভাপতি রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বলেন, ‘আমরা আর পারছি না। একের পর এক হরতালে আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। যত শিগগির সম্ভব আলোচনার মাধ্যমে সহিংসতার রাজনীতি থেকে আমাদের পরিত্রাণ দিন। আপনারা মানুষের কল্যাণে রাজনীতি করেন, দেশকে ভালোবাসেন। এমন কোনো কর্মসূচি দেবেন না, যাতে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করুন।’ম্যাকেঞ্জির প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি পাঁচ হাজার কোটি ডলারে দাঁড়াবে। সেটি অর্জনের জন্য সভাপতি সবার কাছে সহযোগিতা চান। সে জন্য তিনি রাজনৈতিক কর্মসূচির নামে হরতাল পরিহার করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আবারও অনুরোধ করেন। বিটিএমএর সভাপতি জাহাঙ্গির আলামিন বলেন, রাজনীতি ও অর্থনীতি পাশাপাশি চলতে হবে। এই দুটি একসঙ্গে মিশে গেলে দেশের সর্বনাশ হবে। সেটি রাজনীতিবিদদের অনুধাবন করতে হবে।জাহাঙ্গির আলামিন বলেন, অর্থনীতিকে চাঙা রাখতে না পারলে কোনো সরকারই দেশকে ভালো রাখতে পারবে না। রাজনীতিবিদদের উদ্দেশ করে তিনি বলেন, ‘কীভাবে সমস্যার সমাধান করবেন, সে বিষয়ে আপনাদেরই সিদ্ধান্ত নিতে হবে।’ বিকেএমইএর সভাপতি সেলিম ওসমান বলেন, ‘হেফাজতের মতো আমরা রাস্তায় নেমে যেতে পারি না। আমরা নিরপেক্ষ। কোনো সরকারের পক্ষে-বিপক্ষে আমরা অবস্থান নিই না।’ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের স্বাধীনভাবে ব্যবসা করতে দিন।’ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিজিএমএর সহসভাপতি এস এম মান্নান, রিয়াজ-বিন-মাহমুদ ও মো. শহিদউল্লাহ আজিম, সাবেক সহসভাপতি সিদ্দিকুর রহমান, বিকেএমইএর সহসভাপতি মোহাম্মদ হাতেম, আসলাম সানি প্রমুখ।