রপ্তানিপণ্যের কার্টন থেকে ৮২ কেজি মাদক উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে রাখা তৈরি পোশাকের কার্টন থেকে ৮২ কেজি সন্দেহজনক মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। টেক্সটাইল অ্যাসোসিয়েটস নামের একটি প্রতিষ্ঠান ওই কার্টনগুলো মালয়েশিয়া পাঠাচ্ছিল। শুল্ক ও পুলিশ কর্মকর্তারা বলেছেন, এটি দেশে ধরা পড়া স্মরণকালের সর্ববৃহৎ মাদকের চালান।গোপন খবরের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাতে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর ও বিমানবন্দরে কর্তব্যরত আর্মড পুলিশের সদস্যরা এই মাদক উদ্ধার করেন। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি।কর্মকর্তারা জানান, গোপন সূত্রটি তাদের বলেছে, এগুলো এমফিটামিন জাতীয় মাদক। তবে গতকাল রাত পর্যন্ত কোনো রাসায়নিক পরীক্ষা করে এর ধরন সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। মাদক ইয়াবা তৈরির প্রধান উপাদান মিথাইল এমফিটামিন। গতকাল রাতে কার্গো ভিলেজে গিয়ে দেখা যায়, কার্টনের ভেতর জিনসের ভাঁজে ভাঁজে মাদকের প্যাকেটগুলো লুকানো। ১২টি কার্টনের মধ্যে ছয়টি থেকে ৭৫টি প্যাকেট উদ্ধার করা হয়। প্রতি প্যাকেটে এক কেজি বা দেড় কেজি করে মাদক ছিল। সর্বমোট ছিল ৮২ কেজি পাউডার। রুপালি মোড়কে মোড়ানো পদার্থটি দেখতে সাদা ও দানাদার। গত বুধবার বিকেলে নিরাপত্তা তল্লাশি ও স্ক্যানিংয়ের পরই কার্টনগুলো নিরাপত্তা স্টিকার মেরে কার্গো ভিলেজে ঢোকানো হয়। গতকাল রাত ১০টার দিকে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজে এগুলো মালয়েশিয়া যাওয়ার কথা ছিল।বিমানবন্দরের নিরাপত্তায় নিয়োজিত আর্মড পুলিশের (এপিবিএন) সহকারী সুপার শরীফুল হক জানান, শুল্ক গোয়েন্দা কর্মকর্তাদের তথ্যের ভিত্তিতে তাঁরা যৌথভাবে এ অভিযান চালান। শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের তত্ত্বাবধায়ক শামসুল ইসলাম খান প্রথম আলোকে জানান, গতকাল দুপুরে তিনি প্রথম খবর পান। এরপর বিমানের কর্মকর্তাদের কাছে তথ্য নিয়ে রাত সাড়ে আটটার দিকে আর্মড পুলিশের সহযোগিতায় কার্গো ভিলেজে অভিযান চালানো হয়। আর মাত্র দেড় ঘণ্টা পরই রাত ১০টার দিকে এগুলো মালয়েশিয়া চলে যেত।শামসুল ইসলাম জানান, বিমানের এয়ারওয়ে বিলে দেখা যায় এগুলোর রপ্তানিকারী প্রতিষ্ঠান হলো টেক্সটাইল অ্যাসোসিয়েটস। সিঅ্যান্ডএফ এজেন্ট এইচ টি কার্গো সার্ভিসেসের মাধ্যমে এগুলো পাঠানো হচ্ছিল। টেক্সটাইল অ্যাসোসিয়েটসের ঠিকানা দেওয়া হয়েছে ৩-এ, হাসনি টাওয়ার (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা। এরা বন্ডেড ওয়্যারহাউজের লাইসেন্সপ্রাপ্ত। আর মালগুলো পাঠানো হচ্ছিল মালয়েশিয়ার জনৈক রমেশ ও আনামালের কাছে। যাদের ঠিকানা দেওয়া রয়েছে নং-২৪, পি-পুরি, সেনজা জালান, কাজাং সেলাংগর, কুয়ালালামপুর, মালয়েশিয়া। পরীক্ষা প্রতিবেদনের ঘোষণায় বলা হয়েছে, কার্টনগুলোতে এক হাজার পিস জিনস রয়েছে। এগুলো খুলে দেখা গেছে বেশির ভাগ প্যান্টই ছেঁড়া এবং পুরোনো।শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের পরিচালক সৈয়দ মুশফিকুর রহমান জানান, নিরাপত্তা তল্লাশি, স্ক্যানিংয়ের পরও এগুলো কীভাবে কার্গো ভিলেজে ঢুকল, তা খতিয়ে দেখা হবে। গতকাল রাতে এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। ইন্টারনেট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, টেক্সটাইল অ্যাসোসিয়েটসের ব্যবস্থাপনা পরিচালক হারুন উর রশীদ। এদের কার্যালয় এয়ারওয়ে বিলে উল্লিখিত জায়গাতেই। কর্মকর্তারা বলেছেন, সিঅ্যান্ডএফ এজেন্টের কারসাজিতে বিমানবন্দরের ভেতরের কোনো চক্রের সহযোগিতাতেই এগুলো পাঠানো হচ্ছিল। বিমানবন্দরের ভেতরের চক্রের সাহায্য ছাড়া নিরাপত্তা তল্লাশি অতিক্রম করে কার্গো ভিলেজে ঢুকে পড়া কঠিন।এর আগে ২০০৬ সালে বিডি ফুডসের যুক্তরাজ্যে পাঠানো সবজির চালান থেকে সাড়ে ৭৫ কেজি হেরোইন উদ্ধার করে যুক্তরাজ্যের সংশ্লিষ্ট সংস্থা। এ ঘটনায় বিডি ফুডসের স্বত্বাধিকারীসহ ছয়জনের বিরুদ্ধ বাংলাদেশে দুটি মামলা হয়।