বঙ্গোপসাগরের ১০ ও ১১ নম্বর ব্লকে মার্কিন বহুজাতিক কোম্পানি কনোকোফিলিপসের সঙ্গে রপ্তানিমুখী উৎপাদন অংশীদারি চুক্তি (পিএসসি) বাতিলসহ সাত দফা দাবিতে রোডমার্চ শুরু করেছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।গতকাল সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশ শেষে এই রোডমার্চ শুরু হয়। পথে বিভিন্ন স্থানে সমাবেশ-পথসভা করে রোডমার্চটি আগামীকাল বুধবার চট্টগ্রামের লালদীঘি ময়দানে গিয়ে শেষ হবে। জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেসক্লাবের সামনের সমাবেশে নেতারা বলেন, শতভাগ দেশীয় মালিকানায় সুনেত্রসহ দেশের সব এলাকার গ্যাস-কয়লা-তেল উত্তোলন, রপ্তানিমুখী পিএসসি-২০০৮ বাতিল, খনিজ সম্পদ রপ্তানি নিষিদ্ধকরণ আইন পাস, পেট্রোবাংলা-বাপেক্সের সক্ষমতা বাড়ানো, তৌফিক-ই-ইলাহী চৌধুরীসহ সব দুর্নীতিবাজের অপসারণসহ গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে এই রোডমার্চ করা হচ্ছে। সমাবেশ শেষে প্রেসক্লাব থেকে শেখ মুহাম্মদ শহীদুল্লাহ, আনু মুহাম্মদ, আকমল হোসেন, সিপিবির সৈয়দ আবু জাফর, রুহিন হোসেন, বাসদের বজলুর রশিদ ফিরোজ, জাহিদুল হক, ওয়ার্কার্স পার্টির কামরুল আহসান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, জাতীয় গণফ্রন্টের টিপু বিশ্বাস প্রমুখের নেতৃত্বে রোডমার্চ চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে। পথে শনির আখড়া, কাঁচপুর ব্রিজ, মোগরাপাড়া চৌরাস্তা ও চান্দিনায় সমাবেশ শেষে কুমিল্লার উদ্দেশে রোডমার্চ যাত্রা করে। কুমিল্লা থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, গতকাল বিকেলে জাতীয় কমিটির কুমিল্লা শাখার আহ্বায়ক মো. জাকির হোসেনের সভাপতিত্বে কুমিল্লা টাউন হল মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত জনসভায় নেতারা অবিলম্বে কনোকোফিলিপসের সঙ্গে পিএসসি বাতিলের দাবি জানান। তাঁরা বলেন, সাম্রাজ্যবাদীদের সঙ্গে চুক্তি করে বাংলাদেশ কিছুই পাবে না। আজ মঙ্গলবার কুমিল্লা থেকে রোডমার্চ চৌদ্দগ্রাম যাবে। এরপর বেলা তিনটায় ফেনীতে জনসভা করবে।