রপ্তানির পরিবর্তে এবার চাল আমদানির চুক্তি
দুই মাস আগেও খাদ্য মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি পাঠিয়ে দেশে ২৩ লাখ টন চাল উদ্বৃত্ত আছে বলে জানিয়েছিল। তাই কৃষকের ন্যায্যমূল্য পাওয়া নিশ্চিত করতে চাল রপ্তানির অনুমোদন চাওয়া হয়। সেই খাদ্য মন্ত্রণালয় এখন চাল আমদানির চুক্তি করতে যাচ্ছে। রাষ্ট্রীয়ভাবে চাল আমদানির জন্য থাইল্যান্ড সরকারের সঙ্গে হওয়া চুক্তির মেয়াদ বাড়াতে আজ খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক থাইল্যান্ড যাচ্ছেন। প্রয়োজনে সর্বোচ্চ ১০ লাখ টন চাল আমদানি করা যাবে—এমন শর্ত থাকছে চুক্তিতে। চুক্তি অনুযায়ী, বাংলাদেশ যেকোনো সময় এ চাল ওই সময়কার দর অনুযায়ী কিনতে পারবে। এদিকে গতকাল সরকারের খাদ্য পরিধারণ ও মূল্যায়ন কমিটি ধান-চাল ও গমের সংগ্রহমূল্য এবং লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এবার চালের সংগ্রহমূল্য আমনের চেয়ে প্রতি কেজিতে তিন টাকা বাড়িয়ে ২৯ টাকা নির্ধারণ করেছে। খাদ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে সরকার অভ্যন্তরীণ বাজার থেকে প্রতি কেজি ২৫ টাকা দরে দেড় লাখ টন গম ও ২৯ টাকা কেজি দরে ১০ লাখ টন চাল কিনবে। এ ছাড়া প্রতি কেজি ২৮ টাকা দরে ৫০ হাজার টন আতপ চাল এবং প্রতি কেজি ১৮ টাকা ৫০ পয়সা দরে দেড় লাখ টন ধান কেনা হবে। বর্তমানে সরকারি গুদামে ১৩ লাখ ৫৩ হাজার টন চাল ও গম মজুত রয়েছে। গতকাল সরকারের খাদ্য পরিধারণ ও মূল্যায়ন কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী, সরকার বোরো মৌসুমে অভ্যন্তরীণ উৎস থেকে নয় লাখ টন চাল, দেড় লাখ টন ধান ও দেড় লাখ টন গম সংগ্রহ করবে। গত আমন মৌসুমে তিন লাখ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে গতকাল পর্যন্ত দুই লাখ ৬০ হাজার টন চাল সংগ্রহ করেছে। অর্থাৎ, আরও ৪০ হাজার টন চাল সংগ্রহ বাকি আছে। ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহবুব হোসেনের মতে, গত বছরের উৎপাদন ও আগামী দিনের সম্ভাব্য উৎপাদন এবং সরকারের মজুত সব মিলিয়ে দেশের খাদ্য পরিস্থিতি যথেষ্ট ভালো আছে। এ পরিস্থিতিতে চলতি বছর কোনো চাল আমদানি করা ঠিক হবে না। বরং সরকারের উচিত হবে অভ্যন্তরীণ সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণের দিকে বেশি মনোযোগ দেওয়া। বিদেশ থেকে চাল আমদানি করতে গেলে প্রতি কেজি চালের দর ৪৫ থেকে ৫০ টাকা পড়বে। এতে অভ্যন্তরীণ বাজারে চালের দাম বেড়ে যেতে পারে বলে তিনি আশঙ্কা করেছেন। খাদ্যমন্ত্রীর কাছে জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে চালের দাম কিছুটা বাড়তির দিকে। তাই আমরা থাইল্যান্ডের সঙ্গে চুক্তি নবায়ন করে রাখছি, যাতে জরুরি প্রয়োজনে চাল আমদানি করা যায়।’ কিন্তু মাস দুয়েক আগেও খাদ্য মন্ত্রণালয় থেকে চাল রপ্তানির অনুমোদন চেয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি পাঠানো হয়েছিল। এখন আবার রপ্তানির চুক্তি করতে যাচ্ছেন কেন—এ প্রশ্ন তুললে খাদ্যমন্ত্রী বলেন, ‘পরে আমরা পর্যালোচনা করে দেখেছি, চাল রপ্তানি করা ঠিক হতো না। তাই ওই সিদ্ধান্ত বদলে আমদানির চুক্তিগুলো করে রাখছি।’২০০৯ সালে থাইল্যান্ডের সঙ্গে বাংলাদেশ চাল কেনার জন্য ওই চুক্তি করেছিল। চলতি বছর তার মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। তাই খাদ্যমন্ত্রী থাইল্যান্ড যাচ্ছেন আরও তিন বছরের জন্য চুক্তির মেয়াদ বাড়াতে। ভিয়েতনাম সরকারের সঙ্গেও বাংলাদেশের একই ধরনের চুক্তি রয়েছে। তবে তার মেয়াদ আরও দুই বছর রয়েছে। গম আমদানির ব্যাপারে ইউক্রেন সরকারের সঙ্গেও ২০১০ সালে পাঁচ বছরের জন্য চুক্তি করা আছে। খাদ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া দৈনিক খাদ্যশস্য পরিস্থিতি প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে থাইল্যান্ড থেকে চাল কিনলে তা বাংলাদেশের বন্দরে পৌঁছানো বাবদ প্রতি টনে খরচ পড়বে ৫৯০ ডলার। ভিয়েতনাম, ভারত ও পাকিস্তান থেকে কিনলে তার দাম দাঁড়াবে ৪৬০ ডলার। এ দামে চাল আমদানি করতে গেলে প্রতি কেজি চালের দাম ৪৫ থেকে ৫০ টাকায় কিনতে হবে। সংগ্রহমূল্য নির্ধারণ: খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় সরকার ধান-চাল ও গম সংগ্রহের লক্ষ্যমাত্রা ও দাম নির্ধারণ করেছে। সভায় সিদ্ধান্ত হয়, ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত গম এবং ১ মে থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চাল সংগ্রহ অভিযান চলবে। এ বছর প্রতি কেজি গমের উৎপাদন খরচ হয়েছে ২১ টাকা ৫০ পয়সা। প্রতি কেজি ধান ও চালের উৎপাদন খরচ যথাক্রমে ১৬ টাকা ৯৬ পয়সা ও ২৬ টাকা। সভায় জানানো হয়, আগাম মূল্য নির্ধারণের ফলে বোরো মৌসুমে কৃষকের ন্যায্যমূল্য পাওয়া নিশ্চিত হবে। খাদ্যমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অর্থমন্ত্রী আবুল মাল অবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের, অর্থসচিব, কৃষিসচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণসচিব, খাদ্যসচিবসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।