রফিক-উল হককে প্রধান করতে বিএনপির আপত্তি নেই
দুই নেত্রীকে একসঙ্গে বসাতে আইনজীবী রফিক-উল হকের উদ্যোগের বক্তব্যকে সাধুবাদ জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, যদি তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল হয়, তাহলে রফিক-উল হককে প্রধান করতে বিএনপির আপত্তি থাকবে না। এ ক্ষেত্রে সরকারকে রফিক-উল হকের পরামর্শ শোনার আহ্বান জানান বিএনপির এই নেতা।আজ রোববার ‘ব্যাংক খাতের দুর্নীতি ও অনিয়ম: দেশের উন্নয়ন ও গণতন্ত্র হুমকির মুখে’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সাংবিধানিক অধিকার ফোরাম নামের একটি সংগঠন জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠানটির আয়োজন করে।দুই নেত্রীর একসঙ্গে বসার বিষয়ে ‘উদ্যোগের উদ্যোগ’ নিয়েছেন জানিয়ে গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে রফিক-উল হক বলেন, ‘কথা বলে দেখি। দুই নেত্রী দেশকে ভালোবাসেন না, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চান না, এটা আমি বিশ্বাস করি না। দুজনই বসে যদি সমাধান করেন, আমরা তা চাই। দেখা যাক, কী করা যায়।’যদি তাঁকে ওই সরকারের প্রধান হতে প্রস্তাব করা হয়, তাহলে অবস্থান কী হবে—এমন প্রশ্নের জবাবে রফিক-উল হক বলেন, ‘এ ধরনের বিব্রতকর প্রশ্ন আমাকে করবেন না। তবে করেছেন যেহেতু, উত্তর দিচ্ছি। যদি সে রকম ওকেশন আসে, দেশের জন্য এই শেষ বয়সে আমি সব রকম রেসপনসিবিলিটি (দায়িত্ব) নিতে প্রস্তুত আছি। দেশের যেটা ভালো হবে, সেটা অবশ্যই চাই।’খন্দকার মোশাররফ বলেন, ‘যদি কোনো উদ্যোগ নিতে হয় তাহলে আলোচনায় নির্দলীয়, নিরপেক্ষ সরকারের এজেন্ডা থাকতে হবে। না হলে হবে না। যদি সে ধরনের পরিবেশ সৃষ্টি হয়, ওই সরকারের কাঠামো কী হবে, তা নিয়ে আলোচনা হতে পারে।’গাজীপুরের উপনির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সকাল থেকে প্রতিটি কেন্দ্র খাঁ খাঁ করছে। কোনো মানুষ নেই। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে দলীয় সরকারের অধীনে নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে।প্রধানমন্ত্রী বিশ্বব্যাংকের সংস্কারের যে কথা বলেছেন তার সমালোচনা করে বলেন, ‘তাঁর (প্রধানমন্ত্রী) অসংলগ্ন কথাবার্তার জন্য জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাঁর মন্ত্রীরা দিনে-দুপুরে ডাকাতি করছেন, এখানে তিনি কোনো সংস্কার করতে পারছেন না। বাইরে গিয়ে তিনি বিশ্বব্যাংকের সংস্কারের কথা বলছেন।’নিউইয়র্কে জাতিসংঘের ৬৭তম সাধারণ পরিষদের অধিবেশনে গত বৃহস্পতিবার দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ, বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও অন্য দাতা সংস্থাগুলোর সংস্কারের দাবি পুনর্ব্যক্ত করেছেন।হলমার্ক কেলেঙ্কারির সঙ্গে সরকারের উচ্চমহল ও দলীয় লোকজন জড়িত উল্লেখ করে খন্দকার মোশাররফ বলেন, এ কারণে সরকার হলমার্ক কেলেঙ্কারি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদই লুটপাটের অনুমোদন দিয়েছে বলে ব্যাংকটি মামলা করছে না। এই লুটপাটের প্রমাণ তাঁর কাছে রয়েছে বলে তিনি দাবি করেন।