রফিক হত্যা পরিকল্পিত
ঢাকার ৫৬ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব রফিকুল ইসলাম মজুমদারের হত্যার ঘটনায় সরকারকে দায়ী করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমন্বয়ক তরিকুল ইসলাম। তিনি দাবি করেন, সরকার পরিকল্পিতভাবেই এ ঘটনা ঘটিয়েছে।আজ সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রফিকুলের জানাজার আগে তরিকুল সাংবাদিকদের কাছে এই দাবি করেন।তরিকুল বলেন, ‘এভাবে চৌধুরী আলম গুম হয়েছে। ইলিয়াস আলী গুম হয়েছে। এ সরকার গুম ও হত্যার সরকার। এ সরকারের কাছে মানুষ ভালো কিছু আশা করতে পারে না। সরকার ইচ্ছে করে পরিকল্পিতভাবে এটি করেছে। পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এর সঙ্গে জড়িত।’এ সময় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য এম কে আনোয়ারও অভিযোগ করেন, রফিকুলের হত্যার সঙ্গে সরকার জড়িত। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অস্বীকার করলে সরকারেরই দায়িত্ব সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকারীদের খুঁজে বের করা।গত শনিবার রাতে ঢাকা সিটি করপোরেশনের ৫৬ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব রফিকুল ইসলাম মজুমদারের লাশ কুষ্টিয়ার কুমারখালী থেকে উদ্ধার করে পুলিশ। এ সময় তাঁর হাতে পুলিশের হাতকড়া লাগানো ছিল। রফিকের পরিবারের অভিযোগ, ঝিনাইদহের শৈলকুপায় রফিকুলের শ্বশুরবাড়ি থেকে র্যাবের পোশাক পরা অস্ত্রধারী কয়েক ব্যক্তি নিজেদের র্যাবের সদস্য পরিচয় দিয়ে তাঁকে তুলে নিয়ে যায়।