রফিককে আইন দেখে মন্তব্য করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ভ্রাম্যমাণ আদালত সম্পর্কে আইন দেখে মন্তব্য করতে প্রবীণ আইনজীবী রফিক-উল হকের প্রতি অনুরোধ জানিয়েছেন। আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভ্রাম্যমাণ আদালত আইন অনুযায়ী চলছে। এ বিষয়ে দ্বিমত নেই। এটি অবৈধ নয়। প্রসঙ্গত, হরতাল ঠেকাতে গত শনিবার বিকেল থেকে ১০টি ভ্রাম্যমাণ আদালত নামানো হয়। এসব আদালত শনিবার ৫৪ জনকে এক থেকে তিন মাসের কারাদণ্ড দেন। হরতাল মোকাবিলায় রাজপথে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গতকাল ঢাকাসহ সারা দেশে ৫৮ জনকে সাজা দেওয়া হয়েছে। প্রবীণ আইনজীবী রফিক-উল হক বিষয়টির সমালোচনা করেন। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আজ এ মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, হরতালের নামে কেউ জানমালের ক্ষতি করলে সরকার বসে থাকবে না। সরকারও পাল্টা ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত আছে। তিনি দাবি করেন, বিরোধী দল ইস্যুবিহীন হরতাল করছে, জানমালের ক্ষতি করছে। এটা মেনে নেওয়া যায় না। তিনি বিরোধী দলকে সংসদে এসে কথা বলার আহ্বান জানান।