রফিকুল আমীনকে আবারও জিজ্ঞাসাবাদ
ডেসটিনি ২০০০ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান মো. রফিকুল আমীনকে আবারও জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।আজ বুধবার দুপুরে সোয়া ১২টায় তিনি কমিশনে হাজির হন। এ সময় তাঁর হাতে ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভের নথিপত্র ছিল। প্রসঙ্গত, তথ্য-উপাত্ত জমা দিতে এর আগেও বেশ কয়েকবার দুদকে আসেন রফিকুল আমীন।জিজ্ঞাসাবাদ শেষে বেলা আড়াইটায় দুদক থেকে চলে যাওয়ার সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন রফিকুল আমীন। তিনি জানান, আজ মাল্টিপারপাস কো-অপারেটিভের আর্থিক লেনদেনের নথিপত্র এবং কাল বৃহস্পতিবার ট্রি-প্ল্যান্টেশন ও ডেসটিনি ২০০০-এর আর্থিক নথিপত্র জমা দিতে বলেছে কমিশন।রফিকুল আমীন দাবি করেন, ‘ডেসটিনির বিরুদ্ধে একটি স্বার্থান্বেষী মহল কাজ করছে।’ এ সময় তিনি অভিযোগ করেন, ‘সংবাদমাধ্যমের কেউ কেউ জনগণকে বিভ্রান্ত করছে।’ডেসটিনির বিরুদ্ধে প্রতিবেদনে ডেসটিনিরও বক্তব্য নেওয়ার অনুরোধ জানিয়ে ও একপেশে খবর না ছাপানোর জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান রফিকুল আমীন।এদিকে বিশেষ অনুসন্ধান বিভাগের এক তদন্ত কর্মকর্তা নাম না প্রকাশের অনুরোধ জানিয়ে প্রথম আলো ডটকমকে জানান, ইতিপূর্বে সমবায় অধিদপ্তরের একটি নিরীক্ষা দল ডেসটিনি গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের আর্থিক বিষয়ে খতিয়ে দেখেছে। তখন নিরীক্ষায় অনেক অসংগতি বের হয়। এ ছাড়া ডেসটিনির আগের জমা দেওয়া কাগজপত্রের সঙ্গে তাদের জবানবন্দির অনেক গরমিল রয়েছে। তাই আবারও ডেসটিনির শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের প্রয়োজন দেখা দিয়েছে বলে তিনি জানান। জিজ্ঞাসাবাদে হাজিরা দিতে রফিকুল আমীনের সঙ্গে প্রতিষ্ঠানের অর্থ বিভাগের দুই কর্মকর্তা, দুই পরিবেশক উপস্থিত ছিলেন। রফিকুল আমীনের নথিপত্র ও জবানবন্দি মিলিয়ে দেখতে কাল বৃহস্পতিবার সমবায় অধিদপ্তরের পাঁচ কর্মকর্তাকেও হাজির হওয়ার অনুরোধ জানিয়েছে দুদক কর্তৃপক্ষ।