রফিকুল ইসলাম খানকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার অভিযোগ জামায়াতের
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগর শাখার আমির রফিকুল ইসলাম খানকে পুলিশ অজ্ঞাত স্থানে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। আজ বৃহস্পতিবার ঢাকার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জামায়াতের ভারপ্রাপ্ত মহাসচিব এ টি এম আজহারুল ইসলাম সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন। এ জন্য কাল দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত।আজাহারুল ইসলাম বলেন, ‘রফিকুল ইসলাম খান আজ সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে বের হন। এ সময় তাঁর পরিবারের সদস্য ও দলীয় নেতা-কর্মীরা কারাগারের ফটকের সামনে জড়ো হন। কিন্তু নিরাপত্তা-কর্মীরা কারাগারের ফটকের চারপাশ ঘিরে ফেলার কারণে পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে দেখা করতে পারেননি। এরপর ফটকের সামনে থেকে সাদা পোশাক পরা লোকেরা তাঁকে গাড়িতে করে নিয়ে যান। তাঁকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা আমারা জানি না।’ এ সময় আশপাশে অনেক পুলিশ ছিল, তাই তাঁরা ধারণা করছেন পুলিশ তাঁকে ধরে নিয়ে গেছে।