রফিকুল ইসলামের কল্পলেখন
বাণিজ্য মেলার গাদাগাদি ভিড় আর হই-হট্টগোলের মধ্যে মানুষ খেই হারিয়ে ফেলে। ভিড়ের মধ্যে লোকজনের খেই হারিয়ে ফেলার দশা। রফিকুল ইসলাম এর মধ্যে বসেই তাঁর লেখা চালিয়ে যান। হ্যাঁ, রফিকুল ইসলাম লেখেন। তাঁর ছোট্ট দোকানটিতে গিয়ে দেখা গেল, চারপাশে লেখার সরঞ্জাম পরিপাটি করে সাজানো। এর মাঝখানে বসে লিখেই চলছেন তিনি। সাউন্ড বক্সে মনোহর গজলের মৃদু শব্দ। সামনে কয়েকটা কৌটায় রং। ছোট্ট একটা টুলে বসে রফিকুল ইসলাম কাগজে রং মাখিয়ে চলেছেন। প্রথমে বোঝা যায় না, জিনিসটা কী হচ্ছে। কিন্তু যে-ই কাজটা শেষ হয়, তখনই বোঝা যায় এটা কারও নাম। ক্যালিগ্রাফি বলতে যা বোঝায়, রফিকুল ইসলাম কিন্তু তা করেন না। ফুল, পাখি, ডলফিন, বাঁশ—এসবের নকশায় লেখা লেখেন তিনি। সঙ্গে হাত খুলে ব্যবহার করেন রং। ইংরেজিতে একে বলে ফ্যান্টাসি রাইটিং। রফিকুল ইসলাম এর বাংলা করেছেন ‘কল্পলেখন’।এর শুরুটা কীভাবে, সেটা জানতে চাইলে রফিকুল ইসলাম বললেন, ‘১৯৯২ সালে আমেরিকায় গিয়েছিলাম বেড়াতে। বেড়াতে গিয়ে দেশটাও ভালো লেগে গেল, আর একটা ভালো চাকরিও পেয়ে গেলাম। তাই থেকে গেলাম ওখানেই। থাকতাম নিউইয়র্কে। কিন্তু যেদিন টুইন টাওয়ারে হামলা হলো, এর পরই মুসলিম হওয়ার কারণে আমার চাকরি চলে গেল। মন খারাপ করে ঘোরাঘুরি করছিলাম। হঠাত্ দেখি, টুইন টাওয়ারের ওখানে রাস্তায় বসে বসে চায়নিজ আর রাশিয়ানরা ছবি আঁকছে। লোকজন ভিড় করে দেখছে সেসব। কাছে গিয়ে দেখি ছবি, টবি না, ওরা ফুল, পাখি, লতাপাতা এঁকে মানুষের নাম লিখে দেয়। জিনিসটা আমার খুব ভালো লাগল। আমার তখন একটা কাজ দরকার। তাই ওদের বললাম শেখাতে। কিন্তু শেখাল না। শেষে আমি নিজেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে শুরু করলাম, ওরা কাজটা কী করে। দেখতে দেখতে একটা ধারণা হলো। আমি বাড়ি ফিরে চর্চা করা শুরু করলাম। তারপর একদিন সাহস করে ফুটপাতে বসে গেলাম এই লেখার সরঞ্জাম নিয়ে। প্রথম দিনই রোজগার করলাম ৩২ ডলার। তার পরের দিন ৭৫ ডলার। ব্যস, আমাকে আর টাকার চিন্তা করতে হয়নি।’আসলে বিষয়টা হলো, রফিকুল ইসলামের হাতের লেখাটাও ভীষণ সুন্দর। কুমিল্লা বোর্ডের হাজার হাজার সার্টিফিকেট একসময় লিখে দিয়েছেন তিনি। এখনো বেশ কয়েকটা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে লোকজন আসে তাঁর কাছে সার্টিফিকেট লেখাতে। তা ছাড়া তিনি বিভিন্ন স্কুলে বাচ্চাদের বিনা পয়সায় হাতের লেখা সুন্দর করাও শেখান। আর প্রতিবছর যুক্তরাষ্ট্র থেকে এখানে চলে আসেন, বাণিজ্য মেলায় বসেন ছোট্ট একটা স্টল নিয়ে।যে রং দিয়ে তিনি ছবি আঁকেন, তার নাম হচ্ছে বুফা, যুক্তরাষ্ট্র থেকে কিনে আনেন তিনি। তবে তুলিগুলো তাঁর নিজের হাতেই তৈরি। ঠিক তুলিও নয়, কেননা কোনো পশম নেই এতে। পাতলা রবারের নানা আকৃতির টুকরায় টেপ মেরে তুলি বানানো। তা দিয়েই চলে কল্পলেখন।রফিকুল ইসলাম জানালেন, এখন আর তিনি পয়সার জন্য এসব করেন না। তাঁর ছেলেমেয়েরা বড় হয়েছেন, তাঁরা বেশ ভালো রোজগার করেন। তাঁর এখন এসব না করলেও চলে। কিন্তু জিনিসটা নেশা হয়ে গেছে, তাই ছাড়তেও পারেন না। অবশ্য প্রতিবছর মেলা থেকে যা রোজগার হয়, তা নিজের জন্য খরচও করেন না তিনি। এই যেমন একবার তাঁর উপার্জিত অর্থের পুরোটাই দিয়ে দিলেন সিডরে আক্রান্তদের সাহায্যে। আবার দেশের বাড়িতে একটা মসজিদ করে দিয়েছেন, সেও এই অর্থ দিয়েই। রোজগার যা করেন, এখন এর প্রায় সবটাই চলে যায় দান-দক্ষিণায়। রফিকুল ইসলাম বললেন, ‘আমার ছেলেমেয়েরা সবাই প্রতিষ্ঠিত। তারা এসব করতে আসবে না। তাই আমি চাই, এই জিনিসটা এমন কাউকে শেখাতে চাই, যার কিনা কাজে লাগবে, কিছু করে খেতে পারবে। আমি চাই, আমার দেশের কেউ একজন অন্তত এ কাজটা শিখে রাখুক।’