রফিকুলের খুনের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী জড়িত নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতা রফিকুল ইসলামের খুনের ঘটনায় উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। তাঁর দাবি, এ ঘটনার সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী কোনোভাবেই জড়িত নয়। খবর বাসসের।আজ মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মন্ত্রণালয়ের আওতাধীন যেসব প্রকল্পের উন্নয়নকাজ চলছে, তার পর্যালোচনামূলক সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।এ সময় ঢাকা সিটি করপোরেশনের ৫৬ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব রফিকুল ইসলামের লাশ উদ্ধার প্রসঙ্গে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জড়িয়ে এ ধরনের প্রচারণা ভিত্তিহীন, অনভিপ্রেত, দুরভিসন্ধিমূলক। এটা জাতির জন্য সুখকর নয়। তিনি বলেন, রফিকুল খুনের মামলার সঠিকভাবে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি আপেক্ষিক, তবে অতীতের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো করার জন্য চেষ্টা করছে বলে তিনি জানান।উন্নয়ন প্রকল্প প্রসঙ্গে শামসুল হক বলেন, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় আরও ১৫৬টি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন করা হবে। ৯০১ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প ২০১৫ সালের জুন মাসের মধ্যে শেষ হবে। তিনি আরও বলেন, ১০১টি জরাজীর্ণ থানা ভবন টাইপ প্ল্যানে নির্মাণের একটি প্রকল্প জাতীয় অর্থনৈতিক নির্বাহী পরিষদে (একনেক) অনুমোদিত হয়েছে, যার জন্য বরাদ্দ ৬৯৪ কোটি ৭৮ লাখ টাকা।গত শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কুষ্টিয়ার কুমারখালী থানা এলাকার একটি পেঁয়াজখেতে হাতকড়া পরা অবস্থায় বিএনপির নেতা রফিকুল ইসলামের লাশ দেখতে পায় এলাকাবাসী। ওই দিন র্যাবের পোশাক পরা সশস্ত্র ব্যক্তিরা ঝিনাইদহের শৈলকুপা থেকে তাঁকে ধরে নিয়ে যান। এর দুই ঘণ্টা পরই কুষ্টিয়ায় তাঁর লাশ পাওয়া যায়। রফিকুলের স্বজন ও প্রতিবেশীদের অভিযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজনই তাঁকে ধরে নিয়ে খুন করেছেন। হাতকড়ার ওপর খোদাই করে ‘পুলিশ’ লেখা রয়েছে। তবে পুলিশ-র্যাব কেউ এই হত্যা বা গ্রেপ্তারের দায় স্বীকার করেনি। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন বলেছিলেন, বাজারে ‘পুলিশ’ লেখা হাতকড়া কিনতে পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, সন্ত্রাসীরা এ সুযোগটা কাজে লাগিয়েছে। রফিকুল ইসলাম ঢাকার ৫৬ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব ও গুলিস্তান এলাকার ঢাকা মহানগর কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সহসভাপতি ছিলেন।