রফিকুলের হত্যার ঘটনায় মামলা
বিএনপির নেতা রফিকুল ইসলাম মজুমদারকে হত্যার ঘটনার এক সপ্তাহ পর মামলা হয়েছে। রফিকুলের ছোট ভাই মফিজুর রহমান বাদী হয়ে গতকাল রোববার রাতে মামলাটি করেন। তবে মামলায় কাউকে আসামি করা হয়নি। ৫ জানুয়ারি সন্ধ্যায় র্যাবের পোশাক পরা সশস্ত্র ব্যক্তিরা ঝিনাইদহের শৈলকুপা থেকে ধরে নিয়ে যান রফিকুল ইসলাম মজুমদারকে (৪২)। এর দুই ঘণ্টা পরই ২০ কিলোমিটার দূরে কুষ্টিয়ার কুমারখালী থানা এলাকার একটি পেঁয়াজের খেতে হাতকড়া পরা অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়। রফিকুল ঢাকার ৫৬ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব।মফিজুর রহমান জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীই তাঁর ভাইকে হত্যা করেছে বলে তাঁরা সন্দেহ করছেন। মামলার এজাহারে তিনি সে রকমই উল্লেখ করেছেন। ঝিনাইদহের শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারী জানান, এত দিন মামলা না হওয়ায় তাঁরা এগোতে পারেননি। এখন তাঁরা তদন্ত করে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চালাবেন। মামলায় কাউকে আসামি করা হয়নি। র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার হামিদুল ইসলাম জানান, র্যাব এ ঘটনার সঙ্গে জড়িত নয়। র্যাবের পরিচয় দিয়ে অপহরণ করায় বিষয়টি তাঁরা গুরুত্বের সঙ্গে দেখছেন।