রবার্ট এইচ গডার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবার হাত ধরেই ছেলেটি বিজ্ঞানে আগ্রহী হয়ে ওঠে এবং তার কাছেই প্রথম জানতে পারে বাড়ির পুরোনো কার্পেটে স্থির বিদ্যুতের অস্তিত্ব রয়েছে। ছেলেটি জন্মদিনে বাবার কাছ থেকে কখনো টেলিস্কোপ, কখনো মাইক্রোস্কোপ, আবার কখনো সায়েন্টিফিক আমেরিকান নামের বিজ্ঞান সাময়িকী উপহার পেত। ছেলের ষোলতম জন্মদিনে বাবা তাকে উপহার দেন কল্পবিজ্ঞান লেখক এইচ জি ওয়েলসের বিখ্যাত বই ওয়ার অব দ্য ওয়ার্ল্ডস। বইটি পড়েই ছেলেটির জ্যোতির্বিজ্ঞানের ওপর আগ্রহ বাড়তে শুরু করে। ছেলেটি স্বপ্ন দেখে যদি আসলেই মঙ্গল গ্রহে যাওয়া যেত! সেই ছেলে বড় হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেন ‘আধুনিক রকেট ক্ষেপণাস্ত্রবিদ্যা’র জনকদের একজন হিসেবে। নিজের নামের সঙ্গে ২১৪টি আবিষ্কার ও উদ্ভাবন পেটেন্ট করা এই আমেরিকান পদার্থবিজ্ঞানী হলেন রবার্ট এইচ গডার্ড। ১৮৮২ সালে জন্ম নেওয়া গডার্ড বাবা-মায়ের একমাত্র সন্তান। স্বাস্থ্য ভালো ছিল না। ১৯০৮ সালে ওরচেস্টার পলিটেকনিক থেকে পদার্থবিজ্ঞানে ব্যাচেলর অব সায়েন্স ডিগ্রি লাভ করেন। পাশাপাশি তাঁর বৈজ্ঞানিক গবেষণা চালিয়ে যান। ভালো ফলাফল ও কাজের আগ্রহের জন্য পলিটেকনিক কর্তৃপক্ষ তাঁকে পদার্থবিজ্ঞানের প্রদর্শক হিসেবে নিয়োগ দেয়। ১৯০৯ সালে তিনি তরল জ্বালানিনির্ভর রকেটসংক্রান্ত গবেষণাপত্র প্রকাশ করেন। গডার্ড ১৯১০ সালে ক্লার্ক বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে এমএ ডিগ্রি লাভ করেন। ১৯১১ সালে তিনি পদার্থবিজ্ঞানে পিএইচডি ও ১৯১২ সালে প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে ফেলোশিপ লাভ করেন। ১৯১৪ সালে তিনি রকেট ক্ষেপণাস্ত্রবিষয়ক দুটি গবেষণার জন্য পরিচিতি লাভ করেন। তাঁর এই গবেষণা ছিল বহুতলবিশিষ্ট রকেট এবং গ্যাসোলিন ও তরল নাইট্রাস অক্সাইড জ্বালানি দিয়ে চালিত রকেট। অনেকে রকেটের ভবিষ্য ৎ নিয়ে সন্দেহ প্রকাশ করে তাঁর সমালোচনা করেন। কিন্তু আত্মপ্রত্যয়ী গডার্ড দমে যাওয়ার পাত্র নন। রকেটের ভবিষ্য ৎ সম্পর্কে তাঁর বক্তব্য ছিল, ‘কোন কাজটা অসম্ভব তা কল্পনা করা কঠিন। কিন্তু গতকালের জন্য যা স্বপ্ন ছিল, তা আজকের জন্য আশা এবং আগামীর জন্য বাস্তবতা।’১৯১৫ তিনি বেতার তরঙ্গের জন্য নতুন ধরনের ভ্যাকুয়াম টিউব উদ্ভাবন করেন। ১৯১৬ সালে তিনি উদ্ভাবিত রকেটের ইঞ্জিনে ৬৩ শতাংশ তাড়ন বেগ ও জ্বালানি নির্গমনের হার প্রতি সেকেন্ডে ৮০০০ ফুট পর্যন্ত বৃদ্ধি করতে সক্ষম হন। তাঁর টিউব রকেট নিক্ষেপণের ধারণা পরবর্তী সময়ে বাজুকা নামক বহনযোগ্য রকেট ক্ষেপণাস্ত্র নির্মাণের ভিত্তি। ১৯১৯ সালে তাঁর গবেষণা সমগ্র এ মেথড অব রিচিং এক্সট্রিম অ্যালটিটিউডস নামে স্মিথসোনিয়ান গবেষণাগার প্রকাশ করে। গবেষণা নিবন্ধে তিনি রকেট উড্ডয়নসংক্রান্ত নিষ্পন্ন পরীক্ষাগুলোর গাণিতিক যুক্তি ও তত্ত্ব প্রকাশ করেন। এ ছাড়া তিনি জ্বালানিনির্ভর রকেটের মাধ্যমে পৃথিবীর বায়ুমণ্ডলের বাধা অতিক্রমের ধারণা দেন। রকেটসংক্রান্ত পড়াশোনায় বইটিকে ক্লাসিক হিসেবে ধরা হয়। ১৯২৩ সালে তিনি তরল অক্সিজেন ও গ্যাসোলিন জ্বালানির ইঞ্জিন রকেটের জন্য নির্মাণে সাফল্য লাভ করেন। ১৯২৬ সালের মার্চ মাসে তিনি প্রথম তরল জ্বালানি ইঞ্জিননির্ভর রকেট নিক্ষেপণের পরীক্ষায় সফল হন। রকেটটি মাত্র ২.৫ সেকেন্ড সময়ে ৪১ ফুট উচ্চতায় পৌঁছায় এবং ১৮৪ ফুট পথ অতিক্রম করে। ১৯৩৫ সালে তিনি সর্বোচ্চ ৭৫০০ ফুট উচ্চতায় উঠতে পারে এরূপ রকেট নির্মাণ করেন। ১৯৪৫ সালে বিশ শতকের এই উদ্ভাবক গলায় ক্যানসার হয়ে মারা যান। আধুনিক রকেট ক্ষেপণাস্ত্রবিদ্যায় তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ নাসা ১৯৫৯ সালে তাদের প্রথম মহাশূন্য যান উড্ডয়ন কেন্দ্রের নামকরণ করে গডার্ড স্পেস ফ্লাইট সেন্টার।জাহিদ হোসাইন