রবি ও সোম হরতাল দিতে বিএনপিকে শরিকদের প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরও এক দফা টানা হরতাল আহ্বানের জন্য বিএনপিকে প্রস্তাব দিয়েছে ১৮ দলীয় জোটের শরিকেরা। দলগুলো রবি ও সোমবার টানা ৪৮ ঘণ্টা হরতাল ডাকার ব্যাপারে জোর দিয়েছে।আজ বুধবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে জোটের এক বৈঠকে এ প্রস্তাব দেয় শরিক দলগুলো। প্রস্তাবে টানা ৪৮ বা ৭২ ঘণ্টা হরতাল দেওয়ার কথা বলা হয়। বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর নিখোঁজের প্রতিবাদে এই কর্মসূচি দেওয়ার ব্যাপারেও শরিকেরা মত প্রকাশ করেছেন। গতকাল মঙ্গলবার বিএনপির চেয়ারপরসন খালেদা জিয়া আগামী শনিবারের মধ্যে ইলিয়াস আলী ও তাঁর গাড়িচালককে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সরকারকে সময় বেঁধে দেন। তা না হলে রোববার থেকে আবারও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান তিনি।বৈঠকের একটি সূত্র জানিয়েছে, ১ মে শ্রমিক দিবসে সরকারি ছুটি থাকায় দুই দিন হরতালের জন্য প্রস্তাব করে শরিকরা। এরপর আবার আলোচনা করে কর্মসূচি নির্ধারণ করার কথা বলা হয়।সূত্র জানায়, খালেদা জিয়া শরিকদের এই প্রস্তাব বিবেচনা করার আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন, তাঁর দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। এরপর তা শরিকদের জানিয়ে দেওয়া হবে। বৈঠকে উপস্থিত ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী প্রথম আলো ডট কমকে বলেন, এরই মধ্যে তিন দিনের হরতাল দেওয়া হয়েছে। এখন আর সাধারণ কর্মসূচি দিতে হবে না। এ জন্য হরতাল দেওয়ার বিষয়ে শরিকেরা বিএনপির চেয়ারপারসনকে বলেছেন। তিনিও তা বিবেচনার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, কবে হরতাল দেওয়া হবে সেই তারিখ ঠিক করা দায়িত্ব খালেদা জিয়ার ওপর ছেড়ে দেওয়া হয়েছে। শরিক দলগুলো মনে করে, আন্দোলনের জন্য হরতাল খুবই কার্যকর কর্মসূচি।খালেদা জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ১৮ দলীয় জোটের দুটি দল ছাড়া বাকি দলগুলোর শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।