রবি ও সোমবার ৪৮ ঘণ্টা হরতাল দিয়েছে জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী রবি ও সোমবার সারা দেশে ৪৮ ঘণ্টা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। এর আগে আজ শুক্রবার দেশব্যাপী ‘দোয়া দিবস’ ও কাল শনিবার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে দলটি।গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এসব কর্মসূচি ঘোষণা দেন। বিবৃতিতে দাবি করা হয়, ‘দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় প্রত্যাখ্যান করে জনগণ স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ জানায়। সরকার এ প্রতিবাদ স্তব্ধ করে দিতে সারা দেশে ৪০ জন নিরীহ মানুষকে হত্যা করে। এর প্রতিবাদে হরতালসহ এসব কর্মসূচি দেওয়া হয়।’রাত আটটার দিকে পৃথক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ দাবি করেন, ‘সাঈদীর বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত রায় ঘোষণার পর সাধারণ জনতা গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিবাদ জানালে পুলিশ গুলি চালিয়ে ৫০ জনকে হত্যা করেছে। তিন হাজার মানুষ গুলিবিদ্ধ হয়। এর মধ্যে ৫০০ জনের অবস্থা আশঙ্কাজনক। কোনো যুদ্ধরত দেশেও এভাবে এক দিনে ৫০ জন লোকের নিহত হওয়ার মর্মান্তিক ঘটনা সংঘটিত হয়নি।’বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত আমির ‘নিরীহ নাগরিক হত্যার’ প্রতিবাদে মানবাধিকার ও গণতন্ত্রকামী সংগঠন, জাতিসংঘ ও দেশবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। তিনি হরতালসহ ঘোষিত কর্মসূচি পালন করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।