রবি চৌধুরীর চট্টমেট্রো
চট্টগ্রামের আঞ্চলিক গানের অ্যালবাম নিয়ে এবারই প্রথম পুরো একটি অ্যালবাম করলেন রবি চৌধুরী। নাম চট্টমেট্রো। এটি শিল্পীর ৬০তম একক। চট্টমেট্রো অ্যালবামে মোট গান আছে ১০টি। রয়েছে দুটি দ্বৈত কণ্ঠের গান। দুটির মধ্যে একটিতে কণ্ঠ দিয়েছেন শাকিলা জাফর, অন্যটিতে কণ্ঠ দিয়েছেন কান্তা নন্দী। চট্টগ্রামের আঞ্চলিক গান হলেও সবই মৌলিক। গানের কথা লিখেছেন চট্টগ্রামের গীতিকারেরা। তাঁরা হলেন—আবদুল গফুর হালিম, এম এন আকতার, আশকার আলী পণ্ডিত, মহিউদ্দীন আল ভাণ্ডারী, অচিন্ত্য কুমার চক্রবর্তী ও রবি চৌধুরী নিজেই। তাঁর নিজের স্টুডিও গানের দোকানে অ্যালবামের কাজ করেছেন। গানগুলোর শিরোনাম হচ্ছে, ‘বুড়া বউ’, ‘সূর্য উঠেরে ভাই, ‘ওরে বোইন বাসুনি’, ‘হন বুজাবুজিলি’, ‘আম পাইক্কে জাম পাইক্কে’, ‘আই চাইলে তোয়ারে’, বাসুরে, এবং ‘ওরি হোনদিন মা হইত নো’।রবি চৌধুরী বলেন, ‘গানের জগতে বেড়ে ওঠার ক্ষেত্রে চট্টগ্রামের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। বিচ্ছিন্নভাবে বিভিন্ন অ্যালবামে চট্টগ্রামের গান করলেও ইচ্ছে ছিল পুরো একটি অ্যালবাম বের করার। বলতে পারেন চট্টমেট্রো অ্যালবামের মাধ্যমে ইচ্ছা পূরণ হতে যাচ্ছে।’চট্টমেট্রো অ্যালবামের সুর ও সংগীত পরিচালনা করছেন বিনোদ রায়, রবি চৌধুরী। অ্যালবামটি বাজারে এনেছে লেজার ভিশন। আজ শুক্রবার ধানমন্ডি মহিলা কমপ্লেক্সে অ্যালবামটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হবে। রবি চৌধুরীর সর্বশেষ একক অ্যালবাম বের হয় ২০০৯ সালে। রঙের বন্ধু নামের ওই অ্যালবামটি বাজারে আনে সাউন্ডটেক।