রবি-চ্যানেল আই বিজয় মেলা
মহান বিজয় দিবস উপলক্ষে চ্যানেল আইয়ের আয়োজনে তেজগাঁওয়ের নিজস্ব কার্যালয় চত্বরে এবারও অনুষ্ঠিত হবে ‘রবি-চ্যানেল আই বিজয় মেলা’। বিজয়ের ৪০ বছরকে স্মরণীয় করে রাখতে এই বিজয় মেলাকে ঘিরে নেওয়া হয়েছে বিশেষ পরিকল্পনা। এবার বিজয় মেলায় আজীবন সম্মাননা দেওয়া হবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা সুজেয় শ্যামকে। গতকাল বুধবার চ্যানেল আই কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রবির সিএফও মাহতাব উদ্দিন আহমেদ, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ এবং আজীবন সম্মাননায় ভূষিত সুজেয় শ্যাম। এ ছাড়া স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যরাও উপস্থিত ছিলেন। এ সময় বায়েজিত খুরশীদ রিয়াজের কথা ও সুরে স্বাধীনতার ৪০ বছর উপলক্ষে চ্যানেল আই নির্মিত একটি গানের ভিডিওচিত্র দেখানো হয়। গানটিতে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমীন ও অ্যান্ড্রু কিশোর।সংবাদ সম্মেলনে জানানো হয়, স্বাধীনতার ৪০ বছর পূর্তিতে এদিন সকালে শান্তির প্রতীক ৪০টি কবুতর উড়িয়ে জাঁকজমকপূর্ণ এই মেলার উদ্বোধন করা হবে। বর্ণিল মঞ্চ, তোরণ ও ফেস্টুনে সুসজ্জিত থাকবে মেলার প্রাঙ্গণ। বিজয় মেলায় দেশের ২০ জন খ্যাতনামা চিত্রশিল্পী বিজয়ের চিত্রকর্ম আঁকবেন। দেশবরেণ্য চিত্রশিল্পীদের আঁকা এই চিত্রমালা বিক্রয়ের অর্থ মুক্তিযুদ্ধ জাদুঘরের উন্নয়নের জন্য দেওয়া হবে। মেলা চলবে বেলা ১১টা থেকে দুইটা পর্যন্ত।