রবির জন্মদিন পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নিয়েছেন কিন্তু সম্মান পাননি—বঞ্চিত এ রকম ১১ জন নারী মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিয়ে জন্মদিন উদযাপন করেছে মুঠোফোন অপারেটর রবি। আজ সোমবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে রবির এক বছর উদযাপন উপলক্ষে ভোর ছয়টায় রবির জন্মদিনে দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক মাইকেল কুন্যার।১১ জন নারী মুক্তিযোদ্ধার প্রত্যেককে সম্মাননা হিসেবে এক লাখ টাকা ও সনদ দেওয়া হয়েছে। তাঁরা হলেন সুনামগঞ্জের কাকন বিবি, যশোরের বাঘারপাড়ার ফাতেমা খাতুন, মুন্সিগঞ্জের কাঞ্চনমালা, সিলেটের গোলাপগঞ্জের ছায়ারুন, যশোরের হালিমা খাতুন ও রোকেয়া খাতুন, গোপালগঞ্জের নাজমা বেগম, বাগেরহাট শরণখোলার আয়শা বেগম, পিরোজপুর কাউখালির ঊর্মিলা রানী রায়, কিশোরগঞ্জ বাজিতপুরের মনোয়ারা বেগম, কিশোরগঞ্জের সখিনা বেগম।এ সময় প্রতিষ্ঠানের প্রধান বিপণন কর্মকর্তা বিদ্যুত্ কুমার বসু বলেন, ‘হাজার বছরের সংস্কৃতি, ৪০ বছরের স্বাধীনতা, এই সময় রবির প্রথম বার্ষিকী। এটা রবির গর্ব। আমরা বাংলাদেশের সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করার চেষ্টা করব। আমরা জনগণকে সঙ্গে নিয়েই এ লক্ষ্য পূরণ করব।’কোরআন তিলাওয়াত ও ছায়ানট শিল্পীদের পরিবেশনায় জাতীয় সংগীত দিয়ে শুরু হয় দিনের অনুষ্ঠান। পরে ফেরদৌস আরা, পাপিয়া সরোয়ার, খায়রুল আনাম শাকিল, লিলি ইসলাম ও মিতা হক পরিবেশন করেন পঞ্চকবির (রবীন্দ্রনাথ, নজরুল গীতি, রজনীকান্ত, অতুল প্রসাদ ও ডিএল রায়) গান। পরে আবৃত্তি, কবিগান, ভাওয়াইয়া, লালনগীতি, গম্ভীরা, লাঠিখেলা পরিবেশন করা হয়। দুপুর ১২টায় রবির নতুন থিম সং পরিবেশন করেন অর্ণব।এরপর শুরু হয় মমতাজ, অর্ণব, মেটালমেজ, দলছুট, মিলা, এলআরবির পরিবেশনা। নৃত্য পরিবেশন করেন মিম ও সোহেল। সন্ধ্যায় ঢাকার আকাশে রবি ফানুশ ও রাতে আতশবাজি পুড়িয়ে শেষ হয় রবির জন্মদিন।দিনব্যাপী এ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন সব কর্মকর্তাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। রাজধানী ঢাকার মতো দেশের অন্যান্য বিভাগীয় এবং জেলা শহরেও রবির প্রথম বার্ষিকী পালিত হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের কমিউনিকেশন বিভাগের ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন বাবর।