রবির মোবাইল রেমিট্যান্স চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহজে ও নিরাপদে বিদেশি মুদ্রা লেনদেনের জন্য মোবাইল অপারেটর রবি মোবাইল-রেমিট্যান্স-সেবা চালু করেছে। এর ফলে রবির গ্রাহকরা সহজেই রবির নির্দিষ্ট বিক্রেতা ও পরিবেশকদের কাছ থেকে প্রবাসীদের পাঠানো টাকা সংগ্রহ করতে পারবেন। এ জন্য রবি গ্রাহকদের নিজ পরিচয়পত্রের ফটোকপি ও লেনদেনের যথার্থ বিবরণী সঙ্গে রাখতে হবে। আজ মঙ্গলবার রাজধানীর স্থানীয় একটি হোটেলে রবি আজিয়াটা লিমিটেড এবং ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক সই করা হয়েছে। এ সময় রবির পক্ষে রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল ক্যুহনার এবং ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলী রেজা ইফতেখার চুক্তিপত্রে সই করেন। মাইকেল ক্যুহনার বলেন, মুঠোফোনের মাধ্যমে অতি সহজে ও নিরাপদে বিদেশি মুদ্রা লেনদেনের এ ব্যবস্থা রবি গ্রাহকদের আস্থা আরও বাড়াবে। গ্রাহকেরা যেকোনো রবি ক্যাশ পয়েন্ট থেকে বিনা মূল্যে এ সেবা নিতে পারবেন।অনুষ্ঠানে রবির প্রধান বিপণন কর্মকর্তা বিদ্যুত কুমার বসু, চিফ ফিন্যান্সিয়াল অফিসার মাহতাব উদ্দিন আহমেদ, এম-কমার্স বিষয়ক উপদেষ্টা মিনা সিভান, ইবিএলের উপব্যবস্থাপনা পরিচালক এম ফারুক আলম, মুখলেসুর রহমানসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।