রবিশঙ্করের স্মরণসভা হবে ক্যালিফোর্নিয়া ও ভারতে
প্রখ্যাত সেতারবাদক পণ্ডিত রবিশঙ্করের স্মরণসভা অনুষ্ঠিত হবে ভারত ও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। উভয় অনুষ্ঠান হবে ঘরোয়াভাবে। রবিশঙ্করের ঘনিষ্ঠ একটি সূত্র গত শুক্রবার এ কথা জানিয়েছে।সূত্র আরও জানায়, রবিশঙ্করের সংগীত নিয়ে আগামী বছর লন্ডন ও নিউইয়র্কে কনসার্টের আয়োজন করা হবে। তবে স্মরণসভা বা এসব অনুষ্ঠানের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।রবিশঙ্করের ঘনিষ্ঠ স্টুয়ার্ট উলফারম্যান এক বিবৃতিতে বলেন, ‘যুক্তরাষ্ট্রের সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় রবিশঙ্করের বাড়ির কাছে এবং ভারতেও তাঁর বাড়ির কাছে স্মরণসভার আয়োজন করা হয়েছে। উভয় অনুষ্ঠানে প্রয়াতের পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরাই কেবল উপস্থিত থাকবেন। তাঁরা রবিশঙ্করের সংগীত ও তাঁর সঙ্গে নিজেদের সম্পর্ক নিয়ে স্মৃতিচারণা করবেন।’বিবৃতিতে বলা হয়, রবিশঙ্করের সংগীত নিয়ে ২০১৩ সালে লন্ডন ও নিউইয়র্কে কনসার্ট আয়োজন নিয়ে আলোচনা চলছে। ৯২ বছর বয়সে গত মঙ্গলবার ক্যালিফোর্নিয়ায় মারা যান ররিশঙ্কর। এএফপি।