রবীন্দ্র-অনুবাদ ও অন্যান্য
অনুবাদকদের দুটি দলে ভাগ করা যেতে পারে। যাঁদের সাহিত্যকর্ম প্রধানত অনুবাদ, তাঁরা প্রথম দলে। এঁদের অনেকেই পেশাদার অনুবাদক। ইঙ্গভাষী সাহিত্যজগতে এমন কয়েকজন কীর্তিমান ব্যক্তিত্ব হলেন কন্সটেন্স গারনেট—ঊনিশ শতকের মহান রুশ ঔপন্যাসিকদের রচনা অনুবাদ করে যিনি কয়েক প্রজন্মের পাঠক-লেখকদের প্রভাবান্বিত করেছেন; হেলেন লো-পোর্টার—যিনি টমাস মান অনুবাদের অধিকার পেয়েছিলেন; গ্রেগরি রাবাসা—গাব্রিয়েল গার্সিয়া মার্কেসের অনুবাদক। অনুবাদকদের দ্বিতীয় দলে পড়েন সেসব কবি ও লেখক, যাঁদের কাছে অনুবাদ মূলত সম্পূরক সাহিত্যকর্ম। এই দলে পড়েন জন ড্রাইডেন ও আলেক্সান্ডার পোপ। দুজনই হোমারের অনুবাদক। সমকালীন কবি মাইকেল হ্যামবার্গার ও রিচার্ড হাওয়ার্ডও এ দলভুক্ত। হ্যামবার্গার জার্মান থেকে আর হাওয়ার্ড ফরাসি থেকে অনুবাদ করেন। নিজেকে আমি দ্বিতীয় দলভুক্ত করব।আমার সাহিত্যিক তৎপরতা মূলত ইংরেজি ভাষার কবি ও প্রাবন্ধিক হিসেবে। সাহিত্যের ভাষা হিসেবে ইংরেজিকে গ্রহণ করার পেছনে ছিল আমার প্রাতিষ্ঠানিক শিক্ষা। প্রথমে ইংরেজিমাধ্যম বিদ্যালয়ে পড়েছি, পরে দেশ-বিদেশের বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে পড়েছি। তৃতীয় বিশ্বের বহু লেখকের ক্ষেত্রেও তাই। পাশাপাশি মাতৃভাষা বাংলায় রচিত সাহিত্যের সঙ্গে আমার পরিচয় বেশ ভালো। বাংলা ভাষার বহু কবিতা, প্রবন্ধ ও কাহিনিভিত্তিক সাহিত্যকর্ম আমার প্রিয়। বাংলা ভাষার বেশ কয়েকজন লেখক আমার অন্তরঙ্গ বন্ধু। ভাবতে ভালো লাগে, আমরা একই সাহিত্য পরিমণ্ডলে বসবাস করি। তাই, স্বাভাবিকভাবেই আমি মনে করি, আমার দুই জগতের মধ্যে অনুবাদের মাধ্যমে সেতুবন্ধ তৈরি করা উচিত। উপমহাদেশের ইংরেজি ভাষার লেখকেরা এ কাজই করেছেন। এ কে রামানুজনের কথা বলা যায়। তামিল ও কান্নড় ভাষা থেকে তিনি বহু অনুবাদ করেছেন। মারাঠি থেকে অনুবাদে সহযোগিতা করেছেন নিসিম ইজেকিয়েল। আরও আছেন অরবিন্দ কৃষ্ণা মেহরোত্রা। তিনি অনুবাদ করেছেন হিন্দি থেকে।আমি শুরুতে শামসুর রাহমান, শহীদ কাদরী ও রফিক আজাদের কবিতা অনুবাদের চেষ্টা করেছি। সিলেক্টেড পোয়েমস অব শামসুর রাহমান (পাঠক সমাবেশ) বইটির দ্বিতীয় সংস্করণ বেরিয়েছে। সিলেক্টেড পোয়েমস অব শহীদ কাদরী নামে মোটাসোটা এক বইয়ের কাজ চলছে। গদ্য অনুবাদে বেশ দেরিতে এসেছি। শুরুটা হয়েছিল বিলায়েতনামা দিয়ে। পাশ্চাত্য সম্পর্কে কোনো দক্ষিণ এশীয় লেখকের লেখা প্রথম বই শিগুর্ফনামা-ই-বিলায়েত বাংলায় অনুবাদ করেছিলেন অধ্যাপক হাবিবুল্লাহ। লেখকের একজন উত্তরসূরি আমার বন্ধু। তাঁর হাত দিয়ে বইটি আমার কাছে আসে। বইটির বর্ণনাভঙ্গি এবং এতে উপনিবেশ-পূর্ব ভারতীয় মনের পরিচয় আমাকে মুগ্ধ করে। বইটির আধুনিক ইংরেজি সংস্করণ প্রকাশের সিদ্ধান্ত নিই। পিপাল ট্রি প্রেস, লিডস থেকে তা প্রকাশিত হলো। পরে সেটা ছাপায় ক্রনিক্লবুকস, দিল্লি। ইংল্যান্ডের ওয়ারউইক বিশ্ববিদ্যালয় ও মার্কিন যুক্তরাষ্ট্রের বেনডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের একটি কোর্সে এ বইটি পাঠ্য।অন্যসব বাঙালি ছেলেদের মতো আমিও রবীন্দ্রনাথের প্রথম স্বাদ পাই বিদ্যালয়ের সংকলিত বইয়ে জায়গা করে নেওয়া কবিতা ও গল্প থেকে। কিশোর ও তরুণ বয়সে গল্পগুচ্ছ এবং সবচেয়ে বিখ্যাত উপন্যাস শেষের কবিতা পড়ি। রবীন্দ্রনাথকে নিয়ে আমার প্রথম লেখা ছাপায় লন্ডন ম্যাগাজিন। সেটি ছিল উইলিয়াম রাদিচে (পেঙ্গুইন বুকস) এবং কৃষ্ণা দত্ত ও মারি লাগোর (ম্যাকমিলান) অনুবাদ করা রবীন্দ্রনাথের নির্বাচিত ছোটগল্পের দুটি বইয়ের পর্যালোচনা। প্রথম অনুবাদটির প্রশংসা আর দ্বিতীয়টির কড়া সমালোচনা করেছিলাম।তারপর এক গ্রীষ্মকালীন ছুটিতে আমি রবীন্দ্রনাথের সব উপন্যাস ও নভেলা পড়ে ফেলি। রচনার সময়কাল অনুযায়ী পরপর বইগুলো পড়ি। কী উপভোগ্য সাহিত্যসৃষ্টি! সব লেখা এক মাপের নয়; কিছু কিছু অত্যন্ত ত্রুটিপূর্ণ, কিন্তু এগুলোর বৈচিত্র্যপূর্ণ সামগ্রিকতায় ফুটে ওঠে অর্ধশতাব্দীর অধিককালের বাঙালি সমাজের প্রাণবন্ত ও অবিচ্ছেদ্য প্রতিচ্ছবি। এমন ডজনখানেক বইয়ের মধ্যে আমার ওপর সবচেয়ে জোরালো রেখাপাত করেছিল ছোট আকারের বই চতুরঙ্গ। প্রচণ্ড শিহরিত বোধ করি। তখনই ভাবি, এটার ইংরেজি অনুবাদ করলে কেমন হয়। চতুরঙ্গ মানে ঐতিহ্যগত ভারতীয় সেনাবাহিনীর চার অঙ্গ—পদাতিক, অশ্বারোহী, হস্তিসেনা ও রথীবৃন্দ; অর্থের বিস্তৃতি ঘটিয়ে চার পদে বিভক্ত যেকোনো কিছুকেই বোঝানো যায়। চতুরঙ্গ-এর চার অংশের নামকরণ হয়েছে মুখ্য চার চরিত্রের নামে—জ্যেঠামশাই, সচীশ, দামিনী ও কথক শ্রীবিলাস। পশ্চিমা নাস্তিক্যবাদী মানবতাবাদ ও গোঁড়া হিন্দুত্ববাদের মধ্যে, মানবতাবাদ ও ভারতীয় ভক্তিমূলক অর্চনার মধ্যে এবং অধ্যাত্মবাদ ও জীবনীশক্তির চাহিদার মধ্যে সংঘাত নাটকীয়রূপে প্রকাশিত হওয়ার প্রতিক্রিয়াস্বরূপ শ্রীবিলাস ও সচীশের ব্যক্তিত্বের রূপান্তর তুলে ধরা হয় এই নভেলায়।সচীশের জ্যেঠামশাই জগমোহন একজন পাঁড় নাস্তিক, মানবতাবাদী ও উপযোগবাদী। রবীন্দ্রনাথের আত্মজীবনীতে ঊনবিংশ শতকের দ্বিতীয় ও তৃতীয় চতুর্ভাগে এ ধরনের ব্যক্তিত্বের জীবন্ত উপস্থিতি দেখা যায়। উল্টোদিকে, সচীশের পিতা হরিমোহন ও বড় ভাই পুরন্দরের লোভ ও ভণ্ড ধার্মিকতা প্রথাগত হিন্দু সমাজের সব মন্দ দিকের ধারক। কাহিনির শুরুতে সচীশ জগমোহনেরই প্রতিমূর্তি। কিন্তু জগমোহনের মৃত্যুর ধাক্কা তাকে সন্দেহজনক গুরু স্বামী লীলানন্দের দিকে ঠেলে দেয়। তার এই রূপান্তর যতই বিস্ময়কর মনে হোক না কেন, তা মনস্তাত্ত্বিক ও ঐতিহাসিক উভয় দিক থেকে যুক্তিসংগত। মনস্তাত্ত্বিক সুধীর কাকোর ব্যাখ্যা মতে, অধ্যাত্মবাদে—কিংবা একই কারণে রাজনৈতিক চরমপন্থায়—আশ্রয় খোঁজার ভারতীয় প্রবণতার মূলে আছে অবিকশিত অহম, সুস্থির পারিবারিক ও বর্ণ-সম্পর্কের সমর্থন নিয়ে যা গড়ে ওঠে। সে সমর্থন হুমকিতে পড়লেই ব্যক্তি পুরোপুরি অসহায় বোধ করতে আরম্ভ করে, জীবনের নানা সমস্যার অযৌক্তিক সমাধানে আশ্রয় নেওয়ার সম্ভাবনা তার বেড়ে যায়। সচীশের ক্ষেত্রে প্রথমে বর্ণ, ধর্ম ও পিতামাতাকে পরিত্যাগ করতে হলেও তার ভারসাম্য ব্যাঘাত ঘটে না; কেননা জ্যেঠামশাই জগমোহন সে জায়গায় অধিষ্ঠিত হন। কিন্তু জগমোহনের মৃত্যু তাকে ভক্তিমূলক অর্চনার যে মোহনীয় শক্তি তার সহজ শিকার বানায়। ইতিহাস ঘাঁটলে দেখা যায়, উনিশ শতকের শুরুতে ভারতীয় মানবতাবাদীরা যখন দেখলেন যে মানুষের সমস্যাবলি দৃষ্টবাদী বা পজিটিভিস্ট দৃষ্টিভঙ্গি দিয়ে সমাধানযোগ্য নয়, তখন তারা এক সংকটের ভেতর দিয়ে গেছে। সচীশের মতো অনেকেই তখন মুখ ঘুরিয়ে নেয়।নাস্তিক্যবাদী মানবতাবাদ, গোঁড়া হিন্দুত্ব, আধ্যাত্মিক সিদ্ধিলাভের প্রথা, অধ্যাত্মবাদে সচীশের একলা সমর্পণ—এ সবই শেষ পর্যন্ত প্রত্যাখ্যাত হয়। শেষের দিকে সরল বর্ণনাভঙ্গি থেকে সরে যাওয়ার মধ্য দিয়ে নভেলার ভেতরে ধীরে ধীরে তীব্র হতে থাকা অনুভূতি সফলভাবে ধরা পড়ে। আর একটি কোমল প্রেমকাহিনির মধ্য দিয়ে সুন্দর জীবনের ধারণার বিশ্বস্ত প্রক্ষেপণ করা হয়। শ্রীবিলাস আপাত সাধারণ হলেও আসলে অত্যন্ত বুদ্ধিমান ও প্রচণ্ড নিষ্ঠাবান। সে এবং জীবনীশক্তির মানসরূপ দামিনী নিজের কাছে, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও অন্য নাগরিকদের কাছে যে অঙ্গীকার করেছে, তা তারা বিনয়সহকারে পূরণ করে। কোনো মানুষের কাছে হয়তো এতটুকুই আশা করা যায়। সচীশ ফিরে যায় সমাজসেবায়; এবার আর তার মধ্যে আগের মতো অদম্য আত্মপ্রচারকামিতা দেখা যায় না। চতুরঙ্গ অনুবাদের সময় আমার মধ্যে প্রচণ্ড উত্তেজনা কাজ করছিল। শিরোনাম দিয়েছিলাম কোয়ার্টেট। কোনো অনুবাদতত্ত্বের প্রয়োগ করিনি। বারবার লেখাটি পড়েছি, অভিধান ও দীপিকা বা রেফারেন্সের দ্বারস্থ হয়েছি, বন্ধুদের সঙ্গে এ ব্যাপারে আলাপ করেছি; চেষ্টা করেছি মূল রচনার অর্থ ও অনুভূতির মর্ম উপলব্ধি করে তা ইংরেজি সংস্করণে নিয়ে আসতে। লেখারই আরেক রূপ অনুবাদ। আর যা কিছুই লিখি, তার মতো এখানেও আমি নিজের মনে প্রতিটি বাক্য পাঠ করি, চেষ্টা করি সেটিকে আরও শ্রুতিমধুর করতে।সবচেয়ে সমস্যায় পড়তে হয়েছিল সচীশের অধ্যাত্মবাদে যাত্রা প্রসঙ্গ যে অংশে আলোচিত হয়েছে। সংশ্লিষ্ট কিছু শব্দ আমাদের সংস্কৃতিতে অনন্য। অথচ আমাকে এমনভাবে হাজির করতে হবে যেন তা ইংরেজি ভাষাভাষী পাঠকের কাছে খুব দূরবর্তী অথবা উদ্ভট না ঠেকে। পাণ্ডুলিপি ছাপতে পাঠানোর আগে উইলিয়াম রাদিচেকে লেখাটি পড়তে দিই। তাঁর বহু পরামর্শ গ্রহণও করি। হাইনেম্যান এশিয়ান রাইটার্স নামের স্বল্পস্থায়ী সিরিজে বইটি জায়গা করে নেয়। পরবর্তীকালে সেটি দ্বিতীয় জীবন পায় পেঙ্গুইন টেগোর অমনিবাস-এর প্রথম খণ্ডে।রাদিচের পরামর্শে আমি রবীন্দ্রনাথের আরেকটি উপন্যাসের অনুবাদে হাত দিই। সেটি তাঁর মহৎ নারীবাদী রচনা যোগাযোগ। রবীন্দ্রনাথের উপন্যাসের মধ্যে গোরা সবচেয়ে দীর্ঘ। চতুরঙ্গর মতো নিপুণ গাঁথুনি ও আঁটোসাঁটো বিন্যাস যোগাযোগ-এ অনুপস্থিত। এর অনুবাদ তাই খুব শ্রমসাধ্য ছিল। বারবার এ কাজ ছেড়ে আমি অন্য কাজে মন দিয়েছি। অবশেষে যখন আমার অনুবাদ সারলাম, তত দিনে একটি অনুবাদ প্রকাশিত হয়ে গেছে, আরেকটি যন্ত্রস্থ। তবুও তৃতীয় অনুবাদ প্রকাশের পথ খোলা থাকল। আমার অনূদিত শেষ তিন অধ্যায় ছাপা হয়েছে ফকরুল আলম ও রাধা চক্রবর্তী সম্পাদিত দি এসেনশিয়াল টেগোর নামক একটি সংকলন গ্রন্থে। বইটি প্রকাশ করেছে হার্ভার্ড ও বিশ্বভারতী। আমার অনূদিত রবীন্দ্রনাথের মুক্ত ছন্দের পাঁচটি এবং একটি গদ্য কবিতাও বইটিতে স্থান পেয়েছে। রবীন্দ্র-অনুবাদে আমার তৃতীয় ও সর্বশেষ উদ্যোগ কিছু নির্বাচিত ভ্রমণকাহিনিকেন্দ্রিক। দিল্লির ক্রনিক্লবুকস আমার ওপর এই কাজের ভার ন্যস্ত করেছে। কাজটি শেষ হওয়ার পথে। এখানে আমাকে নতুন সমস্যায় পড়তে হয়। ভ্রমণসংক্রান্ত বইগুলো তাঁর পত্রাদি ও দিনপঞ্জি থেকে গৃহীত, যা প্রকাশের আগে যথাযথভাবে সম্পাদিত হয়নি। এগুলোতে যেমন বেশ কিছু অসতর্ক লেখা আছে, তেমনি মাঝেমধ্যে কিছু বাক্যরীতিগত সমস্যাও আছে। আর আছে কিছু মিশ্র রূপক। ইংরেজি অনুবাদে এগুলো তো পুনরুৎপাদন করা যাবে না।এই ধরনের সমস্যা মোকাবিলা করতে হয়েছে নাসরীন জাহানের উড়ুক্কু অনুবাদ করতে গিয়েও। উপন্যাসটি পড়ার আগেই আমি সেটি অনুবাদ করতে সম্মত হয়েছিলাম। আগে পড়া থাকলে আমি ভদ্রজনোচিতভাবে আমার অসম্মতি জানিয়ে দিতাম। কারণটা হলো, যদিও উপন্যাসটি মূল্যবান অস্তিত্ববাদী দলিল, কিন্তু এর গদ্য পড়লে মনে হয় তা মতিভ্রষ্ট স্বগতোক্তি। পাঠযোগ্য ইংরেজিতে এটা অনুবাদ করা তামাশার ব্যাপার নয়। তবু যে করেই হোক আমি কাজটি করে ফেলেছি। পেঙ্গুইন ইন্ডিয়া এটি প্রকাশ করবে। সেখানকার সম্পাদকমশাই অনুবাদে বেশ খুশি। অনুবাদ করে তো প্রশংসা জোটে না। কোনো এক ব্যক্তি যেমন বলেছেন, অনুবাদক যদি ভালো কাজ করে তাহলে নাম হয় রচয়িতার। আমি মনে করি, ইংরেজি ও বাংলা ভাষার মধ্যে সেতুবন্ধ তৈরির একজন কর্মী হিসেবে আমার কাজটি করেছি। কবি শহীদ কাদরির গুণমুগ্ধ হিসেবে সিলেক্টেড পোয়েমস অব শহীদ কাদরী কাজটি করার মধ্য দিয়ে আমি আমার অনুবাদক জীবন শেষ করতে চাই। তারপর নিজের লেখালেখির ওপরই সম্পূর্ণ মনোযোগ দেব।৩০ এপ্রিল ২০১১অনুবাদ: আহসান হাবীব কায়সার হক: অধ্যাপক, ইংরেজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়