রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও একাডেমি প্রতিষ্ঠা করা হবে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উচ্চশিক্ষা ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ওপর গবেষণার জন্য বাংলাদেশে একটি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও একটি রবীন্দ্র একাডেমি প্রতিষ্ঠা করা হবে। আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আগামী ২৫ বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মবার্ষিকী উদযাপন-বিষয়ক জাতীয় কমিটির প্রথম বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে বাংলাদেশি শিক্ষার্থীদের আবাসিক সুবিধা প্রদানের জন্য একটি বাংলাদেশ ভবন প্রতিষ্ঠারও চিন্তাভাবনা করছে।বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ ব্রিফিংকালে সাংবাদিকদের বলেন, জাতীয় কমিটির সভাপতি শেখ হাসিনা কমিটির সদস্যদের জানান, বিশ্বকবির ১৫০তম জন্মবার্ষিকী ব্যাপকভাবে উদযাপনে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উদযাপনে সরকারি বিভিন্ন পদক্ষেপের পাশাপাশি দেশব্যাপী যথাযথ মর্যাদায় নোবেল বিজয়ী এ কবির জন্মবার্ষিকী পালনে সাংস্কৃতিক সংগঠনগুলোর জন্য প্রয়োজনীয় অর্থও বরাদ্দ দেওয়া হবে।রবীন্দ্রনাথের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘তিনি আমাদের দৈনন্দিন জীবনের প্রেরণার উত্স।’বৈঠকে রবীন্দ্রনাথের জন্মবার্ষিকীর কর্মসূচি সমন্বয় করতে তথ্য ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রীকে প্রধান করে একটি ‘ওয়ার্কিং কমিটি’ গঠনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।এর আগে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মবার্ষিকী উদযাপনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান করে ১৫৬ সদস্যবিশিষ্ট একটি জাতীয় কমিটি গঠন করা হয়।এ বছর জানুয়ারি মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে এক যৌথ ইশতেহারে বিশ্বকবির জন্মবার্ষিকী যৌথভাবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।এ বিষয়ে ভারতও ৩৬ সদস্যবিশিষ্ট একটি জাতীয় কমিটি গঠন করেছে বলে জানা গেছে।এ সময় তথ্য ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ এবং কবি, লেখক, শিক্ষাবিদ, শিল্পী ও বুদ্ধিজীবীদের সমন্বয়ে গঠিত কমিটির অন্যান্য সদস্য বৈঠকে উপস্থিত ছিলেন। -বাসস