রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ওপর উচ্চতর শিক্ষা ও গবেষণার জন্য একটি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এবং একটি রবীন্দ্র একাডেমি প্রতিষ্ঠা করা হবে। এ ছাড়া পশ্চিমবঙ্গে শান্তিনিকেতনে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সেখানে বাংলাদেশ ভবন প্রতিষ্ঠারও চিন্তাভাবনা করছে সরকার। গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মবার্ষিকী উদ্যাপনবিষয়ক জাতীয় কমিটির প্রথম বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। খবর বাসস ও ইউএনবির।সভায় প্রধানমন্ত্রী কবিগুরুর জন্মবার্ষিকী উদ্যাপন কর্মসূচি সফলভাবে শেষ করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি সার্বিক প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান। গত জানুয়ারিতে প্রধানমন্ত্রীর দিল্লি সফরের সময় বাংলাদেশ ও ভারত এক যৌথ ইশতেহারে রবীন্দ্রনাথের ১৫০তম জন্মবার্ষিকী একযোগে উদ্যাপন করার ঘোষণা দিয়েছিল।বৈঠকে উদ্যাপন কমিটির সভাপতি হিসেবে প্রধানমন্ত্রী ঢাকা-পশ্চিমবঙ্গে চলমান মৈত্রী ট্রেনটির নাম রবীন্দ্রনাথের বিখ্যাত কবিতা অবলম্বনে ‘সোনার তরী’ রাখার প্রস্তাব করেন। রবীন্দ্রনাথের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সম্মিলিত ও সর্বজনীনভাবে বিশ্বকবির জন্মবার্ষিকী উদ্যাপন করব।’ তিনি জানান, বাংলাদেশ তাঁর জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করবে।উল্লেখ্য, এর আগে রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উদ্যাপনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান করে ১৫৬ সদস্যবিশিষ্ট জাতীয় কমিটি গঠন করা হয়েছিল।বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, ওই বৈঠকে সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদকে সভাপতি করে একটি কার্যকরি কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়। এ কমিটিতে ১৫ থেকে ২০ জন সদস্য থাকতে পারেন। কর্মসূচি ঠিকভাবে পালন করার জন্য এই কার্যকরী কমিটি নিয়মিত বৈঠকে বসবে বলেও সিদ্ধান্ত হয়েছে।প্রধানমন্ত্রীর প্রেসসচিব বলেন, উদ্যাপন কর্মসূচি সফল করতে সরকার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে একযোগে নানা অনুষ্ঠান করবে। সাংস্কৃতিক সংগঠনগুলোকে রবীন্দ্র জন্মবার্ষিকীর অনুষ্ঠান করার জন্য সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তাও দেওয়া হবে। গতকালের বৈঠকে শিক্ষক, শিক্ষাবিদ, লেখক, শিল্পী ও বুদ্ধিজীবীরা উপস্থিত ছিলেন। বৈঠকে ৩২ দফার একটি প্রস্তাবনাপত্র পেশ করা হয়। প্রস্তাবনাগুলোর মধ্যে রয়েছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে একটি যৌথ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন; রবীন্দ্র-গবেষকদের মধ্যে পুরস্কার বিতরণ; ঢাকা, কলকাতা ও দিল্লি থেকে প্রকাশিত সংবাদপত্রগুলোতে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ; ভারত ও বাংলাদেশের বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোতে রবীন্দ্র চেয়ার স্থাপন এবং গবেষক ও শিক্ষার্থীদের জন্য রবীন্দ্র বৃত্তির ব্যবস্থা করা।এ ছাড়া রবীন্দ্রনাথের ওপর দুই দেশের প্রখ্যাত লেখক ও শিল্পীদের লেখা নিয়ে বিশেষ প্রকাশনা বের করা; রবীন্দ্রনাথকে নিয়ে প্রামাণ্য তথ্যচিত্রের ডিভিডি প্রকাশ এবং ১০০ গবেষক, লেখক ও সংগঠককে সার্কভুক্ত দেশগুলোতে সহজে ভ্রমণ করার সুবিধা দিতে তাঁদের সার্ক স্টিকার দেওয়া এবং রবীন্দ্রনাথের লেখা ও শিল্পকর্ম নিয়ে ভ্রাম্যমাণ ট্রেন জাদুঘর তৈরি করারও প্রস্তাব করা হয়।ওই বৈঠকে বছরব্যাপী নানা কর্মসূচি পালনেরও প্রস্তাব করা হয়।