রবীন্দ্রজয়ন্তীর কর্মচঞ্চলতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। কবির জন্মদিন উপলক্ষে কর্মচঞ্চল হয়েছে রাজধানীর সংস্কৃতি অঙ্গন। ইতিমধ্যে বেশ কিছু আয়োজন সম্পন্ন হয়েছে। গতকাল বিকেলে বাংলা একাডেমীতে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিল্পকলা একাডেমীর নাট্যশালায়ও ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। গতকাল সোমবার বিকেলে বাংলা একাডেমীর সেমিনার কক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। ‘রবীন্দ্র বিশ্ববীক্ষা ও বর্তমান বিশ্ব’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক এম এম আকাশ। রবীন্দ্রসংগীত বিশেষজ্ঞ অধ্যাপক সন্জীদা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন কথাসাহিত্যিক ও সংগীতজ্ঞ আবদুশ শাকুর এবং অধ্যাপক ফারজানা সিদ্দিকা। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়। সংগীত পরিবেশন করেন শিল্পী ইফ্ফাত আরা দেওয়ান, বুলবুল ইসলাম, শামা রহমান, নার্গিস রহমান প্রমুখ। আজ মঙ্গলবার বিকেলে একাডেমীর সেমিনারে দ্বিতীয় দিনের আয়োজনে রয়েছে একক বক্তৃতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ‘রবীন্দ্রনাথের সার্ধশত একতম জন্মবার্ষিকী: ২৫শে বৈশাখ ১৪১৯’ শীর্ষক বক্তৃতা করবেন এ এম হারুন অর রশীদ। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেবেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান, সভাপতিত্ব করবেন অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী। অনুষ্ঠানে অধ্যাপক আনিসুর রহমান, অধ্যাপক ফাহমিদা খাতুন ও শিল্পী ইফ্ফাত আরা দেওয়ানকে বাংলা একাডেমী প্রবর্তিত রবীন্দ্র-পুরস্কার প্রদান করা হবে।‘নিশিমন-বিসর্জন’সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় নাট্যশালায় বছরব্যাপী রবীন্দ্র সার্ধশততম জন্মবার্ষিকী উদ্যাপনের দুই দিনের সমাপনী অনুষ্ঠানের গতকাল ছিল শেষ দিন। এদিন সন্ধ্যায় মহাকাল নাট্য সম্প্রদায় জাতীয় নাট্যশালায় পরিবেশন করে রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন অবলম্বনে নিশিমন-বিসর্জন। নাটকটির নবনাট্যায়ন করেছেন আনন জামান এবং নির্দেশনা দিয়েছেন আশিক রহমান। গতকাল ছিল নাটকটির ২১তম মঞ্চায়ন। নাটকটিতে রবীন্দ্রনাথ ঠাকুরের মূল পাণ্ডুলিপির গভীর ভাবপ্রকাশক নাট্যব্যঞ্জনা ঠিক রেখে ‘বিসর্জন’ বয়ানের পাশাপাশি জঙ্গিবাদের বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। বিসর্জন নাটকের বিষয় গবেষণাকালে জঙ্গিবাদ তথা মৌলবাদের ব্যাধিগ্রস্ত সাম্প্রতিক বিশ্বের সব ধর্মান্ধতা নিরীক্ষণ ও প্রয়োগের মাধ্যমে এর ভয়াবহ বাস্তবতার চিত্র তুলে ধরা হয়েছে। ‘সবার রবীন্দ্রনাথ’গতকাল সোমবার রাজধানীর একটি রেস্তোরাঁয় আবৃত্তিকার রবিশঙ্কর মৈত্রীর একক আবৃত্তি অ্যালবাম সবার রবীন্দ্রনাথ-এর মোড়ক উন্মোচন করা হয়। আবৃত্তিমেলা থেকে প্রকাশিত অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ, সভাপতিমণ্ডলীর সদস্য ইকবাল খোরশেদ প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবৃত্তিমেলার পরিচালক মাহিদুল ইসলাম। রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে প্রকাশিত এ অ্যালবামে কবির ২১টি কবিতা ও কবিকে উৎসর্গ করা একটি কবিতা রয়েছে। রবিঠাকুরের সৃষ্টিকর্ম নিয়ে ব্র্যাকরবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্র্যাকের কার্যক্রম ‘গণকেন্দ্র’ বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে। ব্র্যাক ‘ণ’ প্রকাশনার ১৫১টি রবীন্দ্রবিষয়ক বই বিভিন্ন গণকেন্দ্রে প্রদান করেছে। আজ ২৫ বৈশাখ এবং ২২ শ্রাবণ গণকেন্দ্রগুলোর বারান্দায় রবীন্দ্রনাথের ছবিসংবলিত ফেস্টুন প্রদর্শন, আলোচনা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হবে।