রবীন্দ্রনাথ চিরকালীন
‘হে পূর্ণ তব চরণের কাছে যাহা কিছু সব আছে আছে আছে’—সার্ধশততম জন্মবার্ষিকীতে রবীন্দ্রনাথকে এভাবেই মূল্যায়ন করলেন দুই বাংলার বিদগ্ধজনেরা। গতকাল রোববার বাংলা একাডেমী মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় রবীন্দ্রগবেষক ও সাহিত্যিকেরা বলেন, ‘যদি বাংলা ভাষা টিকে থাকে, এ গ্রহ টিকে থাকে, তাহলে রবীন্দ্রনাথও টিকে থাকবেন।’বাংলা একাডেমীর আয়োজনে গতকাল ‘সার্ধশত বার্ষিকীতে রবীন্দ্রমূল্যায়ন’ শীর্ষক আলোচনা সভায় রবীন্দ্রনাথের ভাষাচিন্তা, চিত্রকলা, নারী, রবীন্দ্রনাথের সঙ্গে ভিক্তোরিয়া ওকাম্পোর সম্পর্ক ইত্যাদি বিষয়ে আলোচকেরা প্রবন্ধ উপস্থাপন করেন। তাঁরা বলেন, রবীন্দ্রনাথ চিরকালীন, জীবনের বিভিন্ন বাঁকে তিনি নিজেকে বদলেছেন।আলোচনা অনুষ্ঠানের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ইমেরিটাস আনিসুজ্জামান বলেন, ‘আজকের দিনে পাশ্চাত্যের পণ্ডিতদের কাছ থেকে ভাষাতত্ত্ববিদেরা পাঠ নিচ্ছেন। এঁদের ভাষাচিন্তার সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের মিল আছে। রবীন্দ্রনাথ বহু আগেই এ বিষয়গুলোর সূচনা করেছিলেন।’ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক অমিয় দেব বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুরকে অতিক্রম করা যায় না। সমুদ্রকে কিংবা হিমালয়কে দেখলে যেমন হঠাৎ বুকে ধাক্কা লাগে, রবীন্দ্রনাথের বেলায়ও অভিজ্ঞতাটা সে রকম।’কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মিনা দাঁ ‘রবীন্দ্রনাথের ভাষাচিন্তা, ভাষাবিজ্ঞান ও প্রযুক্তি’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সৈয়দ মনজুরুল ইসলাম রবীন্দ্রনাথের চিত্রকলা প্রসঙ্গে বলেন, কবি নিজে তাঁর চিত্রকলা সম্পর্কে ব্যাপক কোনো ব্যাখ্যা হাজির করেননি। সমকালীন শিল্পীদের চেয়ে পৃথক একটি ধারায় তিনি এগিয়েছেন। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপচার্য পবিত্র সরকার বলেন, ‘কাঠকয়লা দিয়ে রবীন্দ্রনাথ তাঁর যে প্রতিকৃতি এঁকেছেন, সেটি দেখলে মনে হয় ভেতর থেকে আশ্চর্য এক যন্ত্রণা বেরিয়ে আসছে।’ কেতকী কুশারী ডাইসন বলেন, ‘রবীন্দ্রনাথকে নিয়ে অনেক আলোচনা-গবেষণা চলছে। শুধু তথ্য জড়ো করলে চলবে না। ব্যাখ্যা ও যোগসূত্র খুঁজে বের করতে হবে। সংস্কৃতি নিয়ে যে রাজনীতি চলে, তার সবচেয়ে বড় শিকার রবীন্দ্রনাথ ঠাকুর।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের শিক্ষক সোনিয়া নিশাত আমীন বলেন, ভিক্তোরিয়া ওকাম্পোর প্রভাব সুস্পষ্ট হয়েছে রবীন্দ্রনাথের শেষ পর্যায়ে লেখা গল্পে। রবীন্দ্রনাথ ঠাকুর একটা সময় সত-অসতী, সাধু-অসাধু—এসব বোধের ভেতর থেকে বেরিয়ে এসে নারীকে পুরুষের অনুগামী হিসেবে নয় বরং বিস্ময়কর, বিপজ্জনক পথের সহযাত্রী হিসেবে উপস্থাপন করেছেন।বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান নগরায়ণ প্রসঙ্গে রবীন্দ্রনাথের যে বক্তব্য তা মনে করিয়ে দেন। রবীন্দ্রনাথ লিখেছেন, আলেকজান্দ্রিয়া, ব্যাবিলন ও গ্রিসের নগরসভ্যতা ধ্বংস হয়েছিল তৃণমূলের সঙ্গে যোগাযোগ-বিচ্ছিন্নতার কারণে। ঢাকাকে কেন্দ্র করে নগরায়ণের বিস্তার ঘটছে, সেই পরিপ্রেক্ষিতে কথাটি মনে রাখা খুব জরুরি বলে তিনি মন্তব্য করেন।