রবীন্দ্রনাথের কবিতা
রবীন্দ্রনাথের কবিতা আমার কাছে ভাবের এক অসাধারণ ভান্ডার বলে মনে হয়। অফুরন্ত এবং ভাবনাচিন্তার এক স্বচ্ছলতা রবীন্দ্রকাব্যে সব সময় জাগ্রত। এর মধ্যে এমন এক সীমাহীনতা রয়েছে যা আমাদের অন্তরাত্মাকে সচেতন করার প্রয়াসী। মনে হয়, এর সীমা কোথায়? রবীন্দ্রনাথ আমাদের থামতে দেন না, কেবল চলার, এগোবার প্রেরণা জাগ্রত রাখেন। আমি অবশ্য রবীন্দ্রকাব্যে প্রেমবিষয়ক তথ্যাদি অনুসন্ধান এবং পরীক্ষা করে দেখেছি। তাতে বলা যায় যে হূদয় প্রশান্ত হয়ে দারুণ আনন্দহিল্লোল সৃষ্টি করে; রবীন্দ্রনাথ আবিষ্কারের আনন্দ উন্মোচন করতে থাকে। কোথাও কোনো জটিলতা নেই, কেবল আনন্দের আয়োজন পরিপূর্ণভাবে রবীন্দ্রকাব্যে আমরা আস্বাদন করি।রবীন্দ্রনাথ সদা জাগ্রত এক আনন্দের উৎস। সেখান থেকে ইচ্ছা অনুযায়ী গ্রহণ করা যায়। যাঁরা রবীন্দ্রনাথকে বুঝতে চেয়েছেন, তাঁরা মনে হয় এক মহা সমুদ্রে সাঁতার কাটতে চেয়েছেন।শেষ নেই, সীমা নেই—এমন এক আনন্দের ভান্ডার তরঙ্গ তুলে কেবল বয়ে চলেছে।রবীন্দ্রকাব্যের প্রধান বিষয়বস্তু মূলত প্রেম এবং আনন্দকে আলিঙ্গন করা। তাঁর প্রেমের কবিতা এক সম্মোহনকারী শক্তি হিসেবে হূদয়কে বেষ্টন করে ফেলে। রবীন্দ্রনাথ অস্পষ্ট কোনো ইঙ্গিত দেননি। যখন যা কিছু বলেছেন, তাতে সাহিত্য যেমন আছে, স্বপ্নও তেমনি আছে। কেবল কল্পনাকে স্বাধীনভাবে বিচরণ করার এক ক্ষেত্র তৈরি করে গেছেন রবীন্দ্রনাথ।বিচার করে দেখলে রবীন্দ্রনাথই আধুনিক বাংলা ভাষার স্রষ্টা। এমন কোনো বিষয়, ভাবনা নেই, যা রবীন্দ্রকাব্যে উৎসারিত নয়। রবীন্দ্রনাথকে পাঠ করতে গেলে একটা মানসিক আনন্দ এসে পাঠকের হূদয়কে দ্রবীভূত করে রাখে। অথচ রবীন্দ্রনাথ একেবারেই সোজা-সরল পথের যাত্রী নন। নানা বাঁক, প্রান্তর, পথঘাট, ক্রমাগত পথিককে বিভ্রান্ত করে। তবু এক মন্ত্রশক্তির মতো বিষয় যেন সেখানে সংগুপ্ত থেকে কেবল সামনের দিকে এগোবার প্ররোচনা দেয়। আমরা রবীন্দ্রনাথের প্রেমবিষয়ক যত ভাবনা আছে তা অধ্যয়ন করে বিস্ময়াভিভূত হয়ে যাই। এত দীর্ঘ সময় ধরে রবীন্দ্রনাথ কেবল একাকী নিজেকেই দেখেছেন এবং একই সঙ্গে নিজের আশপাশে তাকিয়ে বিস্ময়ে অভিভূত হয়ে কাব্যে তার বর্ণনা করতে চেয়েছেন। রবীন্দ্রনাথের কাছে শিক্ষণীয় প্রধান বিষয় হলো ধ্যান। ধ্যানে নিমজ্জিত হয়ে জগৎকে বিবেচনা করার শক্তি রবীন্দ্রনাথ অর্জন করেছিলেন। রবীন্দ্রকাব্যে প্রকৃতপক্ষে কোনো জটিলতা নেই। আছে আনন্দ ও আধুনিকতা। রবীন্দ্রনাথ যে মানসিকতায় দীর্ঘকাল কাব্যচর্চা করেছেন, সেটা তাঁর জীবৎকাল পর্যন্ত তিনি অব্যাহত রাখতে পেরেছিলেন। আর রবীন্দ্রকাব্যে আছে এক ধরনের অনুসন্ধানবৃত্তি। পূজা এবং একই সঙ্গে না-পাওয়ার বেদনাকে উচ্চকিত করে তুলেছেন তিনি। সবকিছুর মধ্যেই সঞ্চার করেছেন আধুনিকতা, এটা রবীন্দ্রকাব্যের এক বিশেষ ধরনের দৃষ্টিভঙ্গির ব্যাপার।প্রেম, শরীর, নারী, যৌনতা—এসব বিষয় একটু অন্য রকম হলেও রবীন্দ্র দৃষ্টিভঙ্গিতে এর একটা সমীকরণ আছে। রবীন্দ্রকাব্যে প্রেম নিয়ে উদ্ঘাটিত হয়নি এমন কোনো কিছু নেই।২৬ এপ্রিল ২০১১ আল মাহমুদ: কবি