আজ আন্তর্জাতিক নৃত্য দিবস। এ উপলক্ষে চ্যানেল আইয়ে বিকেল সাড়ে পাঁচটায় দেখানো হবে নৃত্যানুষ্ঠান ‘রাঙাও নৃত্যের তালে’। অনুষ্ঠানে অংশ নিচ্ছেন তামান্না রহমান, সোহেল, সোহানা সাবা, তুষার, আনিকা এবং বগুড়ার আমরা কজনা শিল্পী গোষ্ঠী। পরিচালনায় রেহানা সামদানী। কথা হলো তামান্না রহমান-এর সঙ্গে।‘রাঙাও নৃত্যের তালে’ অনুষ্ঠানে কী নাচ করবেন?টেলিভিশন নৃত্যশিল্পী সংস্থা থেকে চ্যানেল আইয়ের জন্য আমরা ২০টি নাচ করেছিলাম। কথা ছিল, চ্যানেল আইতে নাচের ওপর নিয়মিত অনুষ্ঠান হবে। ওই অনুষ্ঠানে এই নাচগুলো ব্যবহার করা হবে। শুনেছি, সেখান থেকে নির্বাচিত কয়েকটি নাচ নিয়ে ‘রাঙাও নৃত্যের তালে’ অনুষ্ঠানটি তৈরি হয়েছে। এখানে আমি ওড়িশী ও ভরতনাট্যমের মিশ্রণে একটি নাচ করেছি। আজ তো আন্তর্জাতিক নৃত্য দিবস। আজ কোনো নাচের অনুষ্ঠান করবেন?হ্যাঁ। গতকাল বৃহস্পতিবার থেকে কেন্দ্রীয় গণগ্রন্থাগারে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘শচীন দেববর্মণ সংগীত উৎসব’। উৎসবে আমার নাচের দল নৃত্যম নৃত্যশীলন কেন্দ্র একটি নাচ করবে। শচীন দেববর্মণের নিজের কণ্ঠে গাওয়া ‘টাকডুম টাকডুম বাজে’-এর সঙ্গে একটি নাচ তৈরি করেছি। আর সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে আয়োজিত উৎসবে করব মণিপুরি নাচ। এ ছাড়া সকালে শোভাযাত্রা বের করা হবে। রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবর্ষ উপলক্ষে কিছু করবেন?রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বিদায় অভিশাপ’ কবিতার নৃত্যরূপ দিয়েছি। সার্ধশত জন্মবর্ষের কোনো একটি অনুষ্ঠানে এ নাচটি করব। এ ছাড়া ভারতের দিল্লিতে জাতীয় পর্যায়ে আয়োজিত অনুষ্ঠানেও নাচ করার জন্য আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। ওই অনুষ্ঠানের জন্যও রবীন্দ্রনাথের কবিতা অবলম্বনে একটি নাচ তৈরি করছি।আর টিভিতে?বিটিভিতে পঁচিশে বৈশাখে ‘হে নূতন’ গানটির সঙ্গে নাচ করব। এ ছাড়া আরও কয়েকটি অনুষ্ঠানে নাচ করার কথা আছে।