রবীন্দ্রনাথের ডায়েরি কলকাতায় বই আকারে প্রকাশ
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অনূদিত গীতাঞ্জলি কাব্যের ইংরেজি ডায়েরিটি হুবহু বই আকারে প্রকাশ করা হয়েছে।আজ শনিবার কলকাতার এশিয়াটিক সোসাইটি মিলনায়তনে ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উন্মোচন করেন। নিজের ডায়েরিতে রবীন্দ্রনাথ যেভাবে ইংরেজিতে গীতাঞ্জলি কাব্যের অনুবাদ করেছিলেন, তার হুবহু প্রতিলিপি বইটিতে প্রকাশ করা হয়েছে।রবীন্দ্রনাথের ওই ডায়েরিটি বর্তমানে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের হাউটন লাইব্রেরিতে সংরক্ষিত রয়েছে। ধারণা করা হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইহুদি চিত্রশিল্পী ও শিল্পসমালোচক উইলিয়াম রোদেনস্টাইনের কাছ থেকে ডায়েরিটি নিলামে কিনেছিলেন।এর আগে ভারতের কেন্দ্রীয় সংস্কৃতিসচিব জহর সরকার বলেছেন, রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবার্ষিকী উদযাপিত হওয়ার পর হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে মূল ডায়েরিটি দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেবে ভারত সরকার।