রবীন্দ্রনাথের নানা অঙ্গের গান করেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসেছে আজিজুর রহমানের গাওয়া রবীন্দ্রসংগীতের অ্যালবাম শুনিব প্রাণের শ্রবণে। সম্প্রতি ছায়ানট সংস্কৃতি-ভবন মিলনায়তনে অ্যালবামটির মোড়ক খুললেন অধ্যাপক আনিসুজ্জামান। আর এটি বাজারে এনেছে লেজার ভিশন। কথা হলো আজিজুর রহমানের সঙ্গে।‘শুনিব প্রাণের শ্রবণে’ অ্যালবামটি নিয়ে কিছু বলুন।এটি আমার তৃতীয় একক অ্যালবাম। আমার প্রথম অ্যালবাম গানে তোমার পরশখানি (২০০২) ছিল রবীন্দ্রসংগীতের প্রেম ও বর্ষার গান নিয়ে। আর দ্বিতীয়টি আকাশ আমি ভরব গানেতে (২০০৭) ছিল প্রেম ও বসন্তের গান। এবার আমি আলাদা করে কোনো বিষয় নির্বাচন করিনি। নানা অঙ্গের গান করেছি। বলতে পারেন বাণী, সুর আর বিষয়ের বৈচিত্র্য রাখার চেষ্টা করেছি, যাতে শ্রোতারা গান শুনে অন্য রকম আনন্দ পান।অ্যালবামটির কাজ কোথায় করেছিলেন?ভারতের কলকাতায়। এ বছরই জুন মাসে সব কটি গান রেকর্ড করিয়েছিলাম। সংগীতায়োজন করেছেন অমিত বন্দ্যোপাধ্যায়। অ্যালবামে গান আছে ১০টি। উল্লেখযোগ্য গান হলো ‘মোর বীণা ওঠে’, ‘গোধূলিগগনে মেঘে’, ‘ছিন্ন পাতার সাজাই তরণী’, ‘আজ যেমন করে গাইছে আকাশ’, ‘তোমার গোপন কথাটি’, ‘তুমি খুশি থাক’, ‘যে রাতে মোর দুয়ারগুলি’ ইত্যাদি।আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন, সুরের ধারার সঙ্গে আছেন, অনেক দিন ধরে নিজে গান করছেন। রবীন্দ্রসংগীত শেখা বা শোনার ব্যাপারে আজকের ছেলেমেয়েদের মধ্যে কেমন আগ্রহ লক্ষ করছেন?একটা ইতিবাচক দিক হলো, এখন যারা রবীন্দ্রনাথের গান শিখছে বা শুনছে—তারা কিন্তু জেনে এবং বুঝে কাজটা করছে। আগে কিন্তু এই চিত্রটা একেবারেই অন্য রকম ছিল। আজকের ছেলেমেয়েরা রবীন্দ্র-দর্শনকে নিজেদের মধ্যে ধারণ করছে। আর এই চর্চাটা ক্রমেই বাড়ছে। নিজের চতুর্থ একক অ্যালবামের ব্যাপারে কিছু ভেবেছেন?এ বছরই আমার চতুর্থ অ্যালবাম বের হবে, রবীন্দ্রসংগীতের, বেঙ্গল ফাউন্ডেশন থেকে। শুনেছি ডিসেম্বর নাগাদ বের হওয়ার সম্ভাবনা আছে। ওই অ্যালবামেও রবীন্দ্রসংগীতের নানা অঙ্গের গান করেছি।  বিনোদন প্রতিবেদক