রবীন্দ্রনাথের নামে প্রবর্তিত সম্মাননা পাচ্ছেন রবিশঙ্কর
এই প্রথমবারের মতো রবীন্দ্রনাথ ঠাকুরের নামে প্রবর্তিত বিশেষ একটি সম্মাননা দিতে যাচ্ছে ভারত সরকার। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নেতৃত্বে একটি জুরি বোর্ড এ বছর এই সম্মাননার জন্য মনোনীত করেছেন ভারতের প্রখ্যাত সংগীতজ্ঞ ও সেতারবাদক পণ্ডিত রবিশঙ্করকে। ইতিমধ্যেই ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি এ সম্মাননার জন্য রবিশঙ্করের নাম ঘোষণা করেছেন। এই বিশেষ সম্মাননার পাশাপাশি এক কোটি ভারতীয় রুপিও দেওয়া হবে রবিশঙ্করকে। বিশ্ব ভ্রাতৃত্বে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে গত বছর রবীন্দ্রনাথ ঠাকুরের নামে ‘টেগর অ্যাওয়ার্ড’ ঘোষণা করেন মনমোহন সিং। জুরি বোর্ডের পরামর্শে সম্প্রতি এই সম্মাননার নাম পরিবর্তন করে ‘টেগর অ্যাওয়ার্ড ফর কালচারাল হারমনি’ রাখা হয়। শিগগিরই এ সম্মাননা প্রদানের জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেখানে রবিশঙ্করের হাতে সম্মাননা তুলে দেবেন ভারতের রাষ্ট্রপতি প্রতিভা পাতিল। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে পিটিআই। উল্লেখ্য, ১৯২০ সালে ভারতের বেনারসে জন্মেছিলেন রবীন্দ্র শঙ্কর চৌধুরী; যিনি ‘রবিশঙ্কর’ নামেই বিশ্বে সুপরিচিত। শৈশবে ভাই উদয় শঙ্করের নাচের দলে কাজ করেছেন। ১৯৩৮ সালে নাচ ছেড়ে দিয়ে সংগীতজ্ঞ আলাউদ্দিন খানের কাছে সেতার শেখা শুরু করেন। ১৯৪৪ সালে সংগীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ ঘটে তাঁর। ১৯৪৯ থেকে ১৯৫৬ সাল পর্যন্ত অল ইন্ডিয়া রেডিওর সংগীত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। সত্যজিত্ রায়ের ‘পথের পাঁচালি’ (১৯৫৫) , ‘অপরাজিত’ (১৯৫৬) এবং ‘অপুর সংসার’ (১৯৫৯) ছবির সংগীত পরিচালনা করে ব্যাপক প্রশংসিত হন রবিশঙ্কর।১৯৫৬ সাল থেকে বেশ কয়েকটি সফরের মাধ্যমে ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে ভারতীয় শাস্ত্রীয় সংগীত জনপ্রিয় করে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন গুণী এই শিল্পী। ষাটের দশকে কয়েকটি দেশে শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। এসব কাজ করতে গিয়ে বিটলস ব্যান্ডের জর্জ হ্যারিসন এবং প্রখ্যাত মার্কিন বেহালা বাদক ইহুদি মেনুহিনের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরবর্তী সময়ে একসঙ্গে কাজ করেন তাঁরা। ১৯৮৬ থেকে ১৯৯২ সাল পর্যন্ত মনোনীত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন রবি শংকর। জীবদ্দশায় বহু সম্মাননায় ভূষিত হয়েছেন ৯২ বছর বয়সী এই শিল্পী। ১৯৯৯ সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘ভারতরত্ন’ দেওয়া হয় তাঁকে। তিনটি গ্র্যামি অ্যাওয়ার্ডও পেয়েছেন এই কিংবদন্তির সংগীতজ্ঞ। একুশ শতকে এসেও মেয়ে আনুশকাকে সঙ্গে নিয়ে সংগীত পরিবেশনার কাজ চালিয়ে যাচ্ছেন বর্ষীয়ান এই শিল্পী।