রবীন্দ্রসংগীতের সংগঠন উত্তরায়ণ আজ আয়োজন করেছে বর্ষার গান নিয়ে গীতি-আলেখ্য ‘এবং বর্ষা’। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল হলে এই অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা পৌনে সাতটায়। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত। আজকের অনুষ্ঠান নিয়ে কথা বললেন উত্তরায়ণের পরিচালক লিলি ইসলাম।উত্তরায়ণ নিয়ে কিছু বলুন।উত্তরায়ণ একেবারেই নতুন সংগঠন। বছর খানেক হলো। রবীন্দ্রনাথের গান তো শুধু গান নয়, অন্য কিছু। প্রতিটি গানের সঙ্গেই জড়িয়ে আছে নানা গল্প আর কিছু মেসেজ। গান শেখানোর পাশাপাশি তাঁর সেইসব ভাবনা, চিন্তা আর উদ্দেশ্যগুলো ছেলেমেয়েদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। এটাই উত্তরায়ণ গঠনের অন্যতম লক্ষ্য। পাশাপাশি যারা গান শিখছে, চর্চার জন্য তাদের তো একটা প্ল্যাটফর্ম দরকার; উত্তরায়ণ সেই কাজটাও করছে। ‘এবং বর্ষা’ অনুষ্ঠানটি কীভাবে সাজাচ্ছেন?উত্তরায়ণের ১৮ জন সদস্য এই অনুষ্ঠানে অংশ নিচ্ছি। এখানে আমরা রবীন্দ্রনাথের বর্ষার ওপর রচিত ১৮টি গান করব। পরিচিত গান আছে, আবার কম শোনা গানও আছে। তবে পরিবেশনটা হবে অন্য রকম। পুরো অনুষ্ঠানের যন্ত্রানুষঙ্গ পরিচালনা করবেন দূর্বাদল চট্টোপাধ্যায়। তাঁর সঙ্গে কলকাতা থেকে আরও এসেছেন রাহুল চট্টোপাধ্যায় (সেতার), শুভায়ু সেন মজুমদার (এস্রাজ), গৌতম সোম (কিবোর্ড) আর জয়দেব নন্দী (তবলা, পাখোয়াজ, খোল)। সঙ্গে থাকবে পাঠ ও আবৃত্তি। বর্ষার একটা আবহ তৈরির জন্য গানগুলোর সঙ্গে শুরু থেকে শেষ পর্যন্ত বড় পর্দায় আলোকচিত্র ও ভিডিওচিত্র দেখানো হবে। থাকবে আলো ও শব্দের খেলা। এর নির্দেশনা দিচ্ছেন নসিরুল হক খোকন। এত কিছুর সমন্বয় করা তো সহজ ব্যাপার নয়।হ্যাঁ, একটু কঠিন কাজ। জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে বৃহস্পতিবার তো বিকেল থেকে অনেকবার মহড়া দিয়েছি। আশা করছি, দর্শক-শ্রোতাদের আজ আমরা নতুন কিছু উপহার দিতে পারব। আরেকটা ব্যাপার, রবীন্দ্রনাথ কিন্তু বৃক্ষরোপণের ব্যাপারে যথেষ্ট গুরুত্ব দিয়েছেন। আজকের অনুষ্ঠানে এ ব্যাপারটিও থাকবে।উত্তরায়ণ নিয়ে সামনে কী পরিকল্পনা করছেন?একসময় রবীন্দ্রনাথের গান বললেই মনে হতো, তা নির্দিষ্ট একটি শ্রেণীর মানুষের জন্য। কিন্তু রবীন্দ্রনাথ তো সবার। এখন কিন্তু রবীন্দ্র-চর্চা অনেক বেড়েছে। আমার এই চর্চাটাকে একেবারে সাধারণের আরও কাছে নিয়ে যেতে চাই।