‘বিপাশার অতিথি’ অনুষ্ঠানে আজকের অতিথি বুলবুল ইসলাম। বাংলাভিশনে আজ রাতে প্রচারিত হবে অনুষ্ঠানটি। গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন বিপাশা হায়াত, পরিচালনা করেছেন তারেক আখন্দ। কথা হলো বুলবুল ইসলামের সঙ্গে।‘বিপাশার অতিথি’ অনুষ্ঠানে আজ কোন বিষয়গুলো নিয়ে কথা বলবেন?এরই মধ্যে অনুষ্ঠানটি ধারণ করা হয়ে গেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ভক্তিভাবের গানগুলো নিয়েই আমরা বেশি কথা বলেছি। আর এ বিষয়ে রবীন্দ্রনাথের নিজস্ব ভাবনা, দর্শন, অভিজ্ঞতা নিয়ে আলোচনা হয়েছে। রবীন্দ্রনাথের ভক্তিভাব কীভাবে তাঁর গানকে প্রভাবিত করেছে, সুন্দরভাবে বেঁচে থাকার উপায় আর তা নিয়ে রবীন্দ্রনাথের ভাবনা। পাশাপাশি বিষয়গুলোর সঙ্গে সংশ্লিষ্ট কিছু গানও গেয়েছি। অভিজ্ঞতাটা কেমন হলো?আমি কিন্তু এর আগে এ ধরনের কোনো অনুষ্ঠানে অংশ নিইনি। এবার যখন বিপাশা হায়াত আমাকে আমন্ত্রণ জানালেন, তখন মনে হলো এই বিষয়গুলো নিয়ে আমার গুরু প্রয়াত ওয়াহিদুল হকই ভালো বলতে পারতেন। এসব বিষয়ে তাঁর ছিল অগাধ পাণ্ডিত্য। তার পরও গুরুর কাছ থেকে যতটুকু পেয়েছি, নিজের পড়াশোনা, জানা, অভিজ্ঞতা—এসব মিলিয়েই বিষয়গুলো যথাযথভাবে বলার চেষ্টা করেছি।কিছুদিন আগে আপনার নতুন একটি অ্যালবাম বেরিয়েছে?ফেব্রুয়ারি মাসে এসেছে। রবীন্দ্রসংগীতের এই অ্যালবামের নাম সন্ধ্যার মেঘমালা। এনেছে বেঙ্গল ফাউন্ডেশন। এখানে গীতবিতানের পূজা, প্রেম ও প্রকৃতি পর্যায়ের গান গেয়েছি। সংগীতায়োজন করেছেন দূর্বাদল চট্টোপাধ্যায়। সন্ধ্যার মেঘমালা আমার পঞ্চম একক অ্যালবাম। এর আগে বেঙ্গল ফাউন্ডেশন থেকে এসেছে আমার আরও দুটি অ্যালবাম—সুদূরের পিয়াসী ও গানের রতন হার। পয়লা বৈশাখে কী করছেন?সকালে গান করব চট্টগ্রামে। ওখানে মূল শহরে বেশ বড় আকারে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখান থেকে ফিরে সন্ধ্যায় গান করব বনানী মাঠে। এখানে বেঙ্গল ফাউন্ডেশন আয়োজন করেছে ‘বেঙ্গল বৈশাখী উৎসব’।