আজ সকালে চ্যানেল আইতে ‘সরাসরি রবীন্দ্রনাথ’ এবং দুপুরে এনটিভিতে ‘শুনব তোমার বাণী’ অনুষ্ঠান দুটি স্টুডিও থেকে সরাসরি দেখানো হবে। রাতে চ্যানেল আইতে দেখানো হবে ‘তুমি কেমন করে গান করো হে গুণী’। এসব অনুষ্ঠানে গান করবেন অণিমা রায়। এ ছাড়া বিটিভিতেও একাধিক অনুষ্ঠানে গান করছেন তিনি। কথা হলো অণিমা রায়ের সঙ্গে।আজ টিভি চ্যানেলগুলোতে কী ধরনের গান করবেন?রবীন্দ্রসংগীতের পূজা পর্যায়ের গানই বেশি করব। রবীন্দ্রনাথের গানের অর্ঘ্য দিয়েই তাঁর মৃত্যু দিনে তাঁকে শ্রদ্ধা জানাব, স্মরণ করব। এখন তো শ্রাবণ মাস, তাই প্রকৃতি পর্যায় থেকেও কয়েকটি গান করার ইচ্ছা আছে। সব কটি অনুষ্ঠানেই কিন্তু আমার সঙ্গে আরও কয়েকজন শিল্পী আছেন। আপনার ‘আমি চিত্রাঙ্গদা’ অ্যালবামের ভাবনা এবং গানগুলো তো বেশি আলোচিত হয়েছিল। এরপর আর কিছু ভেবেছেন? আমি চিত্রাঙ্গদা (২০১০) আমার দ্বিতীয় অ্যালবাম। প্রথমটি ছিল কোথা যাও (২০০৯)। কলকাতার রাগা মিউজিক থেকেও একটি বেরিয়েছে, অচেনা পরদেশী (২০০৯)। এবার রবীন্দ্রনাথের ভাঙা গান নিয়ে অ্যালবাম করব। সঙ্গে মূল গানও থাকবে। গানগুলো চূড়ান্ত করেছি। ডিসেম্বরে কলকাতায় যাব অ্যালবামটির রেকর্ডিং করার জন্য। সংগীতায়োজন করবেন অমিত বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গেও কথা হয়ে গেছে। তারা বাংলায় ‘আজ সকালের আমন্ত্রণে’ অনুষ্ঠানে আপনার গান শুনলাম। হ্যাঁ, ২১ জুন সকালে প্রায় দুই ঘণ্টা গান করেছিলাম। তারা বাংলা আবারও আমাকে আমন্ত্রণ জানিয়েছে। ১১ আগস্ট যাব। ‘চিরন্তনী’ অনুষ্ঠানের জন্য আমার ৩০টি গান রেকর্ডিং করবে। এখানে রবীন্দ্রসংগীতের সব ধরনের গানই করব। আমি চিত্রাঙ্গদা থেকেও করব। ওরা আমার এই অ্যালবামটি দারুণ পছন্দ করেছে।আপনার গান শেখানোর স্কুল আছে। ওটার কী খবর?ওটার নাম সুর বিহার। আমি বলি, সংগীত ও আঁকা শেখার পাঠশালা। ধানমন্ডি ৭/এ সড়কে আছে স্কুলটি। এখন বনানী ১৮ নম্বর সড়কে স্কুলটির আরেকটি শাখা খুলেছি।