রবীন্দ্রনাথের সব গান নিয়ে ‘শ্রুতি গীতবিতান’
গীতবিতানের দুই হাজার ২২২টি গান আর সঙ্গে মায়ার খেলা, শ্যামা, চণ্ডালিকা, চিত্রাঙ্গদা, বাল্মীকি প্রতিভা ও কালমৃগয়া—সব কিছু নিয়ে তৈরি হচ্ছে শ্রুতি গীতবিতান। সুরের ধারার এই পুরো আয়োজনটি থাকছে ২২টি ডিভিডিতে। গানগুলোতে কণ্ঠ দিচ্ছেন চার শতাধিক শিল্পী। এখন পুরোদমে চলছে গান রেকর্ডিংয়ের কাজ। থাকছে রবীন্দ্রসংগীতের শতাধিক প্রয়াত বরেণ্য শিল্পীর গানও। এই গানগুলো সংগ্রহ করা হয়েছে বাংলাদেশ বেতারসহ বিভিন্ন মাধ্যম থেকে। সুরের ধারার এই আয়োজনের সঙ্গে আছে প্রথম আলো ও চ্যানেল আই।শ্রুতি গীতবিতান-এর মোড়ক খোলা হবে আগামী ২৯ ডিসেম্বর, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। অনুষ্ঠানের শিরোনাম ‘সহস্র কণ্ঠে রবীন্দ্রনাথের গান’। তিন দিনের এই অনুষ্ঠানে অংশ নিতে আসছেন বিভিন্ন দেশের সংগীতশিল্পী, বাদ্যযন্ত্রশিল্পী, রবীন্দ্রগবেষকসহ আরও অনেকে। থাকছেন বাংলাদেশের শিল্পীরাও।সুরের ধারা সূত্রে জানা গেছে, এ বছর ১১ মে থেকে শুরু হয়েছে শ্রুতি গীতবিতান-এর গান রেকর্ডিংয়ের কাজ। এরই মধ্যে এক হাজার ৪০০ গানের রেকর্ডিংয়ের কাজ হয়েছে। বাকিগুলোর কাজ মাস খানেকের মধ্যেই শেষ হবে। গানগুলোর সংগীতায়োজন করছেন বাংলাদেশের সুজেয় শ্যাম ও দৌলতুর রহমান; ভারতের কলকাতার অমিত বন্দ্যোপাধ্যায়, রানা দত্ত, পুলক সরকার, রামকৃষ্ণ পাল, বুদ্ধদেব গাঙ্গুলি, সুব্রত মুখার্জি, শুভায়ু সেন মজুমদার ও তপন দেব।সুরের ধারার চেয়ারম্যান ও অধ্যক্ষ রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, ‘রবীন্দ্রসংগীতের সঙ্গে যুক্ত প্রায় সব শিল্পীর গান থাকছে শ্রুতি গীতবিতান অ্যালবামে। আর তাঁরা সবাই বাংলাদেশের শিল্পী। সঙ্গে আছেন বাংলাদেশে বংশোদ্ভূত শিল্পীও। এটি রবীন্দ্রসংগীতের পূর্ণাঙ্গ একটি আর্কাইভ হবে। সাধারণ শ্রোতাদের পাশাপাশি যাঁরা রবীন্দ্রসংগীত শিখতে চান, তাঁরাও এই আর্কাইভ থেকে যথেষ্ট সহযোগিতা পাবেন। আমরা বলছি, শুদ্ধ রবীন্দ্রসংগীত চর্চার ক্ষেত্রে শ্রুতি গীতবিতান অনন্য ভূমিকা রাখবে।’ তিনি আরও বলেন, ‘যেহেতু এ ধরনের অ্যালবাম প্রকাশ অনেক বড় একটি কাজ, তাই পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সহযোগিতার প্রয়োজন রয়েছে। আর অ্যালবামটি দেশে এবং দেশের বাইরে বিপণনের ব্যবস্থা করা হবে। এ দুটি ব্যাপারে আমরা এখন আলোচনা করছি।’