রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবর্ষ উদযাপন
রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত (১৫০তম) জন্মবর্ষে পদার্পণ উপলক্ষে এবার বাংলাদেশ ও ভারতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১১ জুন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় আয়োজন করা হয় ‘বিশ্বে বাঙালী’ অনুষ্ঠানের। যৌথভাবে এ আয়োজন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও সুরলোক এবং ভারতের নবপ্রতিশ্রুতি। আর এটি ছিল বাংলাদেশ ও ভারতে রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবর্ষ উদ্যাপনের প্রথম বড় আয়োজন।‘বিশ্বে বাঙালী’ অনুষ্ঠানে অংশ নিয়েছেন দুই দেশের রবীন্দ্রসংগীতের বরেণ্য ও জনপ্রিয় শিল্পীরা। তাঁদের মধ্যে ছিলেন ভারতের শিল্পী মোহন সিং, সুতপা বন্দ্যোপাধ্যায়, সুপ্রতীক দাস, তিথি দেববর্মণ, লোপামুদ্রা মিত্র, নীলাঞ্জনা সেন, দেবশ্রী মুখার্জি, সুব্রত মুখোপাধ্যায়, পার্থ মুখোপাধ্যায়, গোরা চাঁদ রাম ও আবির সিং। আর বাংলাদেশের শিল্পী পাপিয়া সারোয়ার, তপন মাহমুদ, ইফ্ফাত আরা দেওয়ান, রেজওয়ানা চৌধুরী বন্যা, মিতা হক, সাদি মহম্মদ, লিলি ইসলাম, ফাহিম হোসেন চৌধুরী, সাজেদ আকবর, সালমা আকবর, চঞ্চল খান, লাইসা আহমেদ, বুলবুল ইসলাম, মুজিবুল কাইয়ুম, রোকাইয়া হাসিন, হিমাদ্রী শেখর, শিমুল মুস্তাফা, ডালিয়া আহমেদ, শর্মিলা বন্দ্যোপাধ্যায় ও নৃত্যনন্দন।ওই দিন সকালে বাংলাদেশ ও ভারতের জাতীয় সংগীতে কণ্ঠ দেন দুই দেশের শিল্পীরা। এরপর শুরু হয় মূল অনুষ্ঠান। দুপুরে বিরতির পর বিকেলের অনুষ্ঠান শুরু হয় সাড়ে চারটায়। সন্ধ্যায় বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠান। রাতে প্রথম ম্যাচ। কিন্তু এসবের কিছুই বাধা হয়ে দাঁড়ায়নি এ অনুষ্ঠানে। মিলনায়তনের বাইরেও ছিল প্রচুর দর্শক। তাই তো দরজা খুলে রাখতে হয়েছিল পুরোটা সময়।রাতে অনুষ্ঠান শেষ হয় দুই দেশের জাতীয় সংগীতের মধ্য দিয়ে। রবীন্দ্রনাথের গান সেদিন কিছু সময়ের জন্য সবাইকে ভুলিয়ে দিয়েছিল বিশ্বকাপ ফুটবলের কথা।